বিশ্বব্যাপী মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ করল আইসিসি। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর। তার আগে সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, এ বারের বিশ্বকাপে বিজয়ী দলকে পুরস্কার মূল্যস্বরূপ দেওয়া হবে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৩৯.৫৫ কোটি টাকা। যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ।
এর আগের বিশ্বকাপে বিজয়ী দলকে দেওয়া হয়েছে ১.৩২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১১.৬৫ কোটি টাকা। সেই তুলনায় এ বার পুরস্কার মূল্য বৃদ্ধি পেয়েছে ৩ গুণেরও বেশি। এ ছাড়া আসন্ন প্রতিযোগিতায় সার্বিকভাবে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে জয় শাহের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২২.৫ কোটি টাকা। যা পিছনে ফেলে দিয়েছে গত ২০২৩ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপকেও।
এ দিন একটি বিবৃতিতে আইসিসি জানিয়েছে, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আজ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারতে আয়োজিত হতে চলা মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের জন্য পুরস্কারের অর্থের পরিমাণ চার গুণ বৃদ্ধি করার ঘোষণা করেছে। চ্যাম্পিয়নরা পুরস্কার হিসেবে রেকর্ড ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার পাবে।” এ দিকে শুধু বিজয়ীদেরই যে লক্ষ্মীলাভ হতে চলেছে তা কিন্তু নয়। জানা গিয়েছে, রানার্স দলকেও দেওয়া হবে মোটা অর্থ মূল্য।
রানার্সকে এ বার দেওয়া হবে ২.২৪ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯.৭৭ কোটি টাকা)। অন্যদিকে সেমিফাইনালে পৌঁছনো বাকি দুই দলের প্রত্যেককে দেওয়া হবে ১.১২ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৮৯ কোটি টাকা)। যা গত ২০২২ সালের বিশ্বকাপের প্রায় চার গুণ। এ ছাড়া গ্রুপ পর্বে জয়লাভ করলে বিজয়ীরা ৩৪,৩১৪ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩০.২৯ লক্ষ টাকা) পাবে। পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকার করা দুই দল প্রত্যেকে পাবে ৭০০,০০০ মার্কিন ডলার (প্রায় ৬২ লক্ষ টাকা)। এ ছাড়া সপ্তম এবং অষ্টম স্থান অধিকারী দুই দল ২৮০,০০০ মার্কিন ডলার (প্রায় ২৪.৭১ লক্ষ টাকা) করে পাবে।
সব মিলিয়ে শেষ পর্যন্ত শিরোপা যার হাতেই উঠুক, লক্ষ্মীলাভ কার্যত নিশ্চিত ভারতের লক্ষ্মীদের। আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, আসন্ন ৮ দলীয় বিশ্বকাপে সার্বিকভাবে দেওয়া হবে ১৩.৮৮ মিলিয়ন ডলারের পুরস্কার মূল্য। যা গত বিশ্বকাপের তুলনায় ২৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে তো বটেই, এমনকি ছাপিয়ে গিয়েছে ২০২৩ সালে আয়োজিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের পুরস্কার মূল্যকেও। ২০২৩ বিশ্বকাপে সব মিলিয়ে দেওয়া হয়েছিল মোট ১০ মিলিয়ন ডলারের পুরস্কার মূল্য।
আইসিসি জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য বিশ্বব্যাপী নারী ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করা এবং পুরুষদের ক্রিকেটের সঙ্গে সমতায় আনা। তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, “২০২৪ সালের মহিলাদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বেতন এবং পুরস্কার মূল্যে সমতা চালু করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল।”
