সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের নতুন ছবি পরম সুন্দরী। অভিনেত্রী এখনও ছবির প্রচারেই ব্যস্ত। এরই মাঝে সংবাদমাধ্যমের কাছে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী।
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী স্পষ্ট বললেন, দক্ষিণ ভারতের জনপ্রিয় তিরুপতি মন্দিরেই তিনি বিয়ে করবেন। তবে তাঁর বিয়ের অনুষ্ঠানে বড় মাপের কোনও আয়োজন থাকবে না। বলিউডি চাকচিক্কের বিশাল আয়োজন না করে তিনি চান, অত্যন্ত সহজ-সরল অন্তরঙ্গভাবে বিয়ের অনুষ্ঠান দ্রুত শেষ করতে। স্বাভাবিকভাবে এই অনুষ্ঠানে অতিথি তালিকাও হবে সীমিত।
অভিনেত্রীর দাবি, যথারীতি তাঁর বিয়ের পোশাক তৈরি করবেন মণীশ মালহোত্রা। কারণ মণীশ শুধু তাঁর প্রিয় ডিজাইনার নন। তিনি তাঁর পরিবারের একজন সদস্য।
শুধু বিয়ে নয়, বিয়ের পর তাঁর হানিমুনের পরিকল্পনার কথাও জানিয়েছেন জাহ্নবী। অভিনেত্রীর দাবি, মধুচন্দ্রিমা কিন্তু ছোট হবে না। বরং মধুচন্দ্রিমা হবে বেশ দীর্ঘ। বর্তমান যুগের সম্পর্ক নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন শ্রীদেবী কন্যা।
তিনি বলেন, আজকাল ‘তৎক্ষণাৎ’ প্রাপ্তির লোভে সবকিছুই লেনদেনের মতো হয়ে যাচ্ছে। এখানে রোমান্সের কোনও মূল্য নেই। মানুষের মধ্যে সহানুভূতি, ধৈর্য কিংবা আসল মনের মিল গড়ে তোলার মানসিকতা একেবারেই কমে গেছে। তবে তিনি নিজে প্রেমকে আজও অমূল্য বলেই মনে করেন বলে জাহ্নবী জানান।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বিয়ের এই সামাজিকতাকে তিনি ভীষণ ভালোবাসেন। তিনি বিশ্বাস করেন, বিয়ে মানে একটা পরিবার তৈরি করা। নিজের একটা দুনিয়া তৈরি করা। যেখানে একটা মানুষ আজীবন তাঁর পাশে থাকবেন। সেই মানুষটি তাঁর সব ধরনের সুখ দুঃখের সঙ্গী হবেন। জাহ্নবীর এই মন্তব্য তাঁর ভক্তদের কাছে নিয়ে এল এক নতুন বার্তা। নায়িকা স্পষ্ট করে দিলেন শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তিনি অত্যন্ত সরল সাদাসিধে এবং স্বপ্নময়। যিনি প্রেমকে বড় ধরনের মূল্য দিয়ে থাকেন।
