পদপিষ্ট কাণ্ড ভুলতে পারছেন না কোহলি! বেঙ্গালুরু পদপিষ্টকাণ্ডের পর অতিক্রান্ত হয়েছে ৩ মাস। অবশেষে মর্মান্তিক ঘটনাটি নিয়ে মুখ খুললেন আরসিবি তথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। গত ৪ জুন আরসিবি’র প্রথম আইপিএলে জয়ের উৎসব পরিণত হয়েছিল মৃত্যুমিছিলে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ওইদিন এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটে ১১ জনের। ঠিক ৩ মাস পর ঘটনা প্রসঙ্গে কোহলির মন্তব্য সামনে আনা হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির তরফে।
এর আগে এই মর্মান্তিক ঘটনার জন্য পরোক্ষভাবে দায়ী করা হয়েছিল বিরাট কোহলিকেই। অভিযোগ করা হয়, কোহলির অনুরোধেই সেদিন বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিলেন চিন্নাস্বামীর বাইরে।
এবার সামাজিক মাধ্যমে আরসিবি জানাল, ঘটনাটির পরিপ্রেক্ষিতে ঠিক কী প্রতিক্রিয়া দিয়েছেন বিরাট। তাঁর বক্তব্য এক্স হ্যান্ডলে পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজি।
কোহলির কথায়, “গত ৪ জুন যেভাবে হৃদয় ভেঙেছে আমাদের, তার জন্য কোনও প্রস্তুতিই যথেষ্ট নয়। আমাদের দলের ইতিহাসে যেটা কি না সবথেকে খুশির মুহূর্ত হওয়ার কথা ছিল, সেটাই সবথেকে দুঃখের মুহূর্ত হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের কথা সব সময় মনে পড়ে। তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। সেই সঙ্গে যাঁরা আহত হয়েছেন তাঁদের কথাও ভাবি। আপনাদের হারানোটাও এখন আমাদের কাহিনির অংশ। আমরা একসঙ্গে যত্ন, শ্রদ্ধা এবং দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে চাই।”
গত ৩ জুন ইতিহাসে প্রথমবার আইপিএল শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পুরুষ দল। সেই উপলক্ষ্যেই পর দিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল বিজয়োৎসব। যা পরিণত হয় মৃত্যুমিছিলে। ১৮ বছরের খরা কাটানো প্রিয় নায়কদের একবার চোখের দেখা দেখতে স্টেডিয়ামের বাইরে হাজির হয়েছিলেন আনুমানিক আড়াই লক্ষ মানুষ। এর ফলেই সৃষ্টি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতির। যা কেড়ে নেয় একাধিক প্রাণ।
