টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একদিনের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে মুখিয়ে দুজনেই। তবে দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের মত, দুই মহাতারকা যতই যতদিন সম্ভব ওডিআই খেলার ইচ্ছে প্রকাশ করুন না কেন, কাজটা মোটেই সহজ হবে না। পাঠানের দাবি, সময়ই পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে রো-কো’র।
রবিবার বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন রোহিত। টিম ইন্ডিয়ায় নবতম সংযোজন ব্রঙ্কো টেস্টে অভাবনীয় ক্ষিপ্রতা দেখিয়ে সকলকে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন চলতি বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক। সেই পরিপ্রেক্ষিতে পাঠান জানান, ফিটনেস নিয়ে সমস্যা হবে না হিটম্যানের। তবে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য রোহিত কতটা সময় পাবেন তা নিয়ে সংশয় রয়েছে। এমনকি বিরাট কোহলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে দাবি পাঠানের।
সম্প্রতি সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার বলেন, “এই নতুন (ফিটনেস) পরীক্ষাটি স্পষ্টতই সহজ নয়, তাই একবার আপনি এটি পাস করতে সক্ষম হলে, তার অর্থ হল আপনার ফিটনেস দুর্দান্ত। আমি তাঁর (রোহিত) সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেছি। তাঁর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছি। তিনি খুবই আগ্রহী। নিজের খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে চান।”
কিন্তু এর পরই পাঠানের সংযোজন, “যতক্ষণ পর্যন্ত খেলোয়াড় ফিট থাকে, বয়স কোনও ব্যাপারই না। কিন্তু তাঁর জন্য খেলার সময় বের করাটাই চ্যালেঞ্জ হবে। ভারতের হয়ে খেলার সময় আমার মনে হয় না প্রেরণা নিয়ে কোনও সমস্যা হবে।” পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক করা প্রাক্তন বাঁহাতি জোরে বোলার আরও বলেন, “রোহিতই হোক বা বিরাট কিংবা মহম্মদ শামি, তাঁরা খেলার জন্য কতটা সময় পাবেন? কারণ রোহিত ও বিরাট কিন্তু ইতিমধ্যেই টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন।”
এর পাশাপাশি বরুণ চক্রবর্তীকেও ঢালাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পাঠান। তাঁর মতে, আসন্ন এশিয়া কাপে বরুণই হতে চলেছেন টিম ইন্ডিয়ার ‘এক্স-ফ্যাক্টর’। বলেন, “আপনারা সব সময় মনে করেন যে অলরাউন্ডাররাই দলে এক্স-ফ্যাক্টর নিয়ে আসে। কিন্তু বরুণ চক্রবর্তীকে দেখার জন্য আমি উত্তেজিত। কারণ আপনাদের অবশ্যই জানা উচিত যে এখানে একটি প্রতিজ্ঞা পালনের গল্প থাকবে।”
