তৈরি হচ্ছে ফাইবারের দুর্গামূর্তি। আর সেই মূর্তি পাড়ি দিচ্ছে ভিনদেশে। মূর্তি তৈরি হচ্ছে উত্তর কলকাতা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে যশোর রোড সংলগ্ন দত্তপুকুরে। এখানকার এক শিল্পীর তৈরি মূর্তি পাঠানো হয় কানাডা, লন্ডন, জাপান এমনকী আমেরিকাতেও।
বিদেশের মাটিতেও হয় দুর্গাপুজো। ইউরোপের বিভিন্ন দেশ, এশিয়ার জাপান, চিন, আমেরিকা, অস্ট্রেলিয়াতেও দুর্গাপুজো হয়। চার দিন ধরে চলে আনন্দ উৎসব।
প্রতি বছরের মতো এবারও দত্তপুকুরের শিল্পী অনিমেষ পালের ফাইবারের দুর্গামূর্তি পাড়ি দিচ্ছে ভিনদেশ। অনিমেষের তৈরি মূর্তি ইতিমধ্যে জাপান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দুবাই, কানাডা এবং আমেরিকায় পৌঁছে গিয়েছে। দুদিন আগে একটি ৭ ফুটের দুর্গা মূর্তি জাহাজে চেপে পাড়ি দিল কানাডা। ওই মূর্তির ওজন ৬০ কেজি। সাড়ে পাঁচ ফুট উচ্চতা এবং ৫০ কেজির একটি মূর্তি যাচ্ছে আমেরিকায়। আগামী সপ্তাহেই লন্ডন এবং জাপানে দুটি মূর্তি পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শিল্পী অনিমেষ পাল দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে ফাইবারের দুর্গা মূর্তি তৈরি করছেন। বাংলা বছর শুরু হতেই তাঁর কাছে প্রতিমা গড়ার অর্ডার আসতে থাকে বলে শিল্পী জানিয়েছেন। অনিমেষ জানিয়েছেন, এই সমস্ত মূর্তি বেশিরভাগই জাহাজে করে রওনা হয়। তবে জাপান, চিন এবং মুম্বইয়ে বেশির ভাগই মূর্তিই বিমানে করে পাঠানো হয়।
শিল্পী আরও জানিয়েছেন, অগস্টেই কানাডা, দুবাই, লন্ডন এবং আমেরিকায় তাঁর মূর্তি চলে গিয়েছে। মাটির মূর্তি যেভাবে তৈরি হয় সেভাবেই ফাইবারের মূর্তিও তৈরি হয়। এক দেশ থেকে আর এক দেশে পাড়ি দিতে মূর্তি যাতে ভেঙেচুরে না যায়, তার জন্য সেগুলি অত্যন্ত ভালোভাবে প্যাকিং করতে হয় বলেও শিল্পী জানিয়েছেন।
তবে শুধু দুর্গামূর্তি নয়, অনিমেষ একটি ১২ ফুটের রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তি তিনি আমেরিকায় শিকাগো রামকৃষ্ণ মিশনে পাঠিয়েছেন।
