মুক্তির আগেই বড়সড় আলোচনায় বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি ৪’। টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া ও হর্ণাজ সান্ধু অভিনীত এই ছবি আসছে আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৫-এ। তবে মুক্তির আগে ছবির উপর চলল সেন্সরের কাঁচি।
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ছবিটিকে ‘A’ সার্টিফিকেট দিলেও, তার আগে মোট ২৩টি ভিজ্যুয়াল কাট ও বেশ কিছু অডিয়ো পরিবর্তন করতে হয়েছে। ছবির একটি দৃশ্যে ফ্রন্টাল ন্যুডিটি থাকায় সেটি রিমুভ করা হয়েছে। আরেকটি দৃশ্যে কফিনের উপর দাঁড়ানোর শট ছিল, সেটি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
একটি দৃশ্যে চরিত্রকে ‘নিরঞ্জন প্রদীপ’ থেকে সিগারেট ধরাতে দেখা যাচ্ছিল, মাত্র এক সেকেন্ডের সেই শটও বাদ দিতে হয়েছে।
গান ‘ইয়ে মেরা হুস্ন’-এর শেষে সঞ্জয় দত্তকে কেটে যাওয়া হাত দিয়ে সিগারেট ধরাতে দেখা যাচ্ছিল, সেই দৃশ্যটিও বাদ গেছে। একটি দৃশ্যে যিশুখ্রিষ্টের মূর্তির দিকে ছুরি ছুড়ে মারার শট ছিল, সেটিকেও মুছে ফেলা হয়েছে।
শুধু ভিজ্যুয়াল নয়, সংলাপেও পরিবর্তন এনেছে সেন্সর বোর্ড।একটি সংলাপে বলা হয়েছিল, “ভাই তোর কন্ডোমেই থাকা উচিত ছিল”, সেখানে ‘কন্ডোম’ শব্দটি মিউট করা হয়েছে। আরেক জায়গায় ব্যবহৃত ‘ফিঙ্গারিং’ শব্দটি বদলে অন্য উপযুক্ত শব্দ ব্যবহার করতে বলা হয়েছে। এর বাইরেও একাধিক অডিয়ো কাট রয়েছে।
‘বাঘি ৪’-এর পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক এ. হর্ষা। বলিউডে এটিই তার প্রথম ছবি। ছবির ট্রেলারে রক্তপাত ও হিংসার দৃশ্য আগেই দেখিয়েছিল যে, সিনেমাটি ‘A’ সার্টিফিকেট পেতে চলেছে। ছবির আগাম বুকিং বেশ ভালোই হয়েছে। ব্লক টিকিট বাদে ২.৮৩ কোটি টাকা, আর ব্লক টিকিটসহ মোট ৫.২৬ কোটি টাকা অগ্রিম বুকিং হয়েছে। ট্রেড বিশ্লেষকদের মতে, মুক্তির দিনে ছবিটি ডাবল ডিজিট ওপেনিং তুলতে পারে।
সব মিলিয়ে বলা যায়, সেন্সরের একাধিক কাটের পরও দর্শকরা ‘বাঘি ৪’-এর অ্যাকশন ও চমকপ্রদ উপাদান উপভোগ করতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।
