পুজোর আর বেশি দিন বাকি নেই। ঝলমলে রোদ উঠছে। কিন্তু তার মাঝেই বৃষ্টি। মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। আম বাঙালির মন খারাপ। এবারও কি বৃষ্টি হবে পুজোয়? শরতের রোদে মাঝে মধ্যেই বাদ সাধছে কালো মেঘ। ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। দুর্গাপুজোর মাসেও কলকাতায় বৃষ্টিতে বিরাম নেই। আলিপুর আবহাওয়া দফতর এই বিষয়ে খুব একটা আশার কথা শোনাতে পারছে না। আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ অঞ্চল সক্রিয় নেই। তবে রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে।
