অবসর ভেঙে ফিরে আসছেন কিউই কিংবদন্তি রস টেলর। তবে এবার আর নিউজিল্যান্ডের হয়ে খেলবেন না তিনি। বরং তাঁকে দেখা যাবে সামোয়া দলের প্রতিনিধিত্ব করতে। ওমানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সামোয়ার হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন নিউজিল্যান্ডের হয়ে ১১২ টি টেস্ট, ২৩৬ টি ওয়ানডে এবং ১০২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেলর। যে কথা সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন তিনি নিজেই।
গত ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন রস টেলর। অন্য যে কোনো খেলোয়াড়ের থেকে নিউজিল্যান্ডের হয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে রান সংগ্রহের দিক থেকে কেন উইলিয়ামসনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন। সেই টেলরই এবার অবসর ভেঙে সামোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য, সামোয়ার সঙ্গে রসের সম্পর্ক আজকের নয়। তাঁর মা লোটের জন্ম সামোয়াতেই।
তবে ৪১ বছর বয়সি রস অবসর ভেঙে সামোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বন্ধু তথা নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তরুণ নেথুলার অনুরোধে। ইনস্টাগ্রাম পোস্টে টেলর লেখেন, “আমি আনুষ্ঠানিকভাবেই অবসর ভেঙে ফিরে আসছি। অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, নীল রঙের জার্সিতে সামোয়াকে প্রতিনিধিত্ব করব। এটা আমার প্রিয় খেলায় প্রত্যাবর্তনের চেয়েও বেশি কিছু। নিজের ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম এবং সেই সঙ্গে পরিবারের প্রতিনিধিত্ব করা বিশাল সম্মানের।”
আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে বাছাই পর্বে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলবে সামোয়া। সেকথা স্মরণ করিয়ে দিয়ে টেলর আরও বলেন, “আরও একবার খেলায় ফিরে আসার, দলে যোগদানের এবং মাঠের ও মাঠের বাইরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।”
