অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ব্যবসায়ী-অভিনেতা স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা তথা ইকনমিক অফেন্সেস উইং। লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি, তারকা দম্পতির বিরুদ্ধে ৬০.৪৮ কোটি টাকার জালিয়াতির অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এমন কড়া পদক্ষেপ। এর ফলে পুলিশের অনুমতি ছাড়া তারকা দম্পতি এবার থেকে আর বিদেশে যেতে পারবেন না। তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। দাবি করেছেন, অপমান করার লক্ষ্যেই একটি ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ মামলা দায়ের হয়েছে।
গত ১৪ আগস্ট মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০.৪৮ কোটি টাকার জালিয়াতির অভিযোগ করেন ব্যবসায়ী দীপক কোঠারি। তাঁর অভিযোগ, তারকা দম্পতি তাদের ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এ ব্যবসা বাড়ানোর নামে টাকা নিয়ে ব্যক্তিগত কাজে খরচ করেছেন। শুধু তাই নয়, টাকা ঋণ হিসেবে নিয়ে বিনিয়োগ হিসেবে দেখিয়ে কর বাঁচানোর পরিকল্পনাও করেছিলেন বলে অভিযোগ।
মামলাকারী দীপকের বক্তব্য, যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন, তখন ৮৭ শতাংশ শেয়ার ছিল শিল্পা শেট্টির নামে। তিনি জানিয়েছেন, তাঁর কাছে মোট ৭৫ কোটি টাকার ঋণ চাওয়া হয়েছিল। ১২ শতাংশ হারে সুদ পাওয়ার কথা ছিল তাঁর। করের বোঝা এড়াতে তিনি বিনিয়োগ হিসেবে ওই পরিমাণ টাকা সংস্থায় ঢালতে রাজি হয়েছিলেন। ঠিক হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়া হবে তাঁকে।
দীপকের দাবি, ব্যক্তিগত ভাবে তাঁকে টাকা ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন শিল্পা। যদিও সেই বছরের সেপ্টেম্বরেই সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তীকালে তারকা দম্পতির সংস্থা দেউলিয়া ঘোষিত হয়। ওই সংস্থার বিরুদ্ধে মোট ১.২৮ কোটির মামলাও দায়ের হয়েছে। এর ফলে সর্বস্বান্ত হয়েছেন দীপকও। এই অবস্থায় আর্থিক প্রতারণার অভিযোগে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি।
মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা ইতিমধ্যেই তারকা দম্পতির বিদেশে ভ্রমণের নথি পর্যালোচনা করছে ৷ তদন্তকারীরা তারকা দম্পতির আর্থিক লেনদেনের নানা নথিও খতিয়ে দেখছেন ৷ একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার ৪০৩, ৪০৬ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে।
