ভারী বৃষ্টিপাত এবং প্রবল বন্যার বিপর্যস্ত পঞ্জাব। প্রাণহানির পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখীন উত্তর ভারতের এই রাজ্য। দুর্গতদের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ অভিযানে নেমে পড়েছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। আইপিএল ক্রিকেটের জনপ্রিয় দলটি ২ কোটি টাকা অর্থ সংগ্রহের লক্ষ্যে পদক্ষেপও করেছে।
পঞ্জাব কিংস কর্তৃপক্ষ এবং দলের অন্যতম মালকিন অভিনেত্রী প্রীতি জিন্টা দুর্গতদের সাহায্যার্থে ইতিমধ্যেই ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা ত্রাণ তহবিলে দান করেছেন। শুধু আর্থিক সাহায্য নয়, তারা হাত মিলিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে, যাতে ত্রাণসামগ্রী ও পানীয় জল সঠিকভাবে দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া যায়। ‘টুগেদার ফর পঞ্জাব’ নামক এক প্রকল্পের অধীনে চলছে এই মানবিক কার্যক্রম।
পঞ্জাব সরকারের তথ্য অনুযায়ী, টানা ভারী বৃষ্টির দরুণ বন্যায় এ পর্যন্ত ৩.৫ লক্ষের বেশি মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। কয়েক হাজার পরিবার মাথা গোঁজার ছাদ হারিয়েছে। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, বাড়ি, কৃষিজমি এবং বিদ্যুৎব্যবস্থা। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং জরুরি ভিত্তিতে উদ্ধার ও পুনর্বাসন কাজ চালাতে বলেছেন।
কেন্দ্রীয় সরকার পঞ্জাবকে বিপর্যস্ত রাজ্য বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। দেশের নানা প্রান্ত থেকে আসছে ত্রাণসামগ্রী, নৌকা এবং পানীয় জল। নানান স্বেচ্ছাসেবী সংস্থাও সাহায্যের হাত বাড়িয়েছে। তারই মাঝে বিশেষ ভাবে নজর কেড়েছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস-এর উদ্যোগ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা শুধু এখনই নয়, পরবর্তী কিছু সপ্তাহ ধরেও দুর্গতদের পাশে থাকতে চান।
ত্রাণ বিলিবন্টন প্রকল্পে অংশ নিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন, হেমকুন্ত ফাউন্ডেশন এবং রাউন্ড টেবিল ইন্ডিয়া। এছাড়া, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে এক বৃহৎ তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি। এই অর্থ ‘দ্য গ্লোবাল শিখ চ্যারিটি’ নামক সংস্থার মাধ্যমে বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করা হবে।
এক বিবৃতিতে পঞ্জাব কিংস জানিয়েছে, বিপর্যয়ের সময় শুধু সরকার বা একটি ফ্র্যাঞ্চাইজির পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। সহৃদয় নাগরিকদের কাছে আবেদন, যে যা পারেন, দয়া করে দান করুন, এগিয়ে আসুন। সবাই মিলে পঞ্জাবকে আবার গড়ে তুলি।
