২৩-২৭ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলন। তবে এই সম্মেলনে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রসঙ্ঘের বক্তাদের তালিকায় ভারতের বক্তা হিসেবে মোদির নাম রাখা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, শেষ পর্যন্ত এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। সাউথ ব্লক সূত্রের খবর, ভারতের প্রতিনিধি হিসেবে এবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্মেলনে ভাষণও দেবেন বিদেশমন্ত্রী।
রাষ্ট্রসংঘের এই সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বক্তা হিসেবে ট্রাম্পের নাম রয়েছে। নিউ ইয়র্ক গেলে একই মঞ্চে ট্রাম্প এবং মোদিকে দেখা যেত। কূটনৈতিক মহল মনে করছে, সেক্ষেত্রে ট্রাম্প-মোদি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা ছিল। চলতি পরিস্থিতিতে যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু মোদি নিউ ইয়র্ক না যাওয়ায় সেই সম্ভাবনা আর রইল না। ব্রাজিলের প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলন। তরপরই আমেরিকার প্রতিনিধি হিসেবে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা। রাষ্ট্রসঙ্ঘের দেওয়া তালিকায় ভারতীয় বক্তার জন্য সময় বরাদ্দ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর সকালে। এবারের সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল-হামাস সঙ্ঘাতের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে, রাশিয়া থেকে তেল কেনা বজায় রাখার জন্য নয়াদিল্লির উপর চড়াহারে শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের জন্যই ভারত-আমেরিকা সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। সে কারণে কার্যত ট্রাম্পকে এড়াতেই এবার রাষ্ট্র সঙ্ঘের সম্মেলনে যাচ্ছেন না মোদি।
Leave a comment
Leave a comment
