বাংলাদেশে দুর্গাপুজোয় এবার কড়া নজরদারি। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, সারা দেশের প্রায় ৩৩ হাজার ৫৭৬টি পুজোমণ্ডপ ২৪ ঘণ্টা নজরে থাকবে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে এবং সীমান্ত এলাকায় মণ্ডপের দায়িত্ব নেবে বিজিবি।
মণ্ডপের আশপাশে এবার আর মেলা বসছে না। ঢাকায় প্রতিমা বিসর্জনের জন্য একটি নির্দিষ্ট লাইন তৈরি করা হবে, যাতে বিসর্জনের ধারাবাহিকতা বজায় থাকে। দিনে তিনজন, রাতে চারজন করে নিরাপত্তারক্ষী প্রতিটি মণ্ডপ পর্যবেক্ষণ করবেন, যাতে কোনও ধরনের সমস্যা এড়ানো যায়।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সরকার নতুন একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে যে কোনও ঘটনা ঘটলে তৎক্ষণাত নিরাপত্তা বাহিনীকে জানানো যাবে এবং ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হবে।
পুজো কমিটিগুলোও এবারের প্রস্তুতিতে সন্তুষ্ট। গতবারের মতো এবারও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সর্বশ্রষ্ঠ ধর্মীয় উৎসবে সরকারের অংশগ্রহণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে।
নতুন নিরাপত্তা ব্যবস্থা, আনসার ও বিজিবি সমন্বিত দায়িত্ব এবং অ্যাপের মাধ্যমে তৎক্ষণাৎ সতর্কতার কারণে কোনও পুজোমণ্ডপে অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।
