সংযুক্ত আরব আমিরশাহিকে হারানোর পর এবার ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পহেলগামের ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের অপারেশন সিন্দুরের পর রবিবার দুবাইয়ে প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে দুই দল। এদিকে এই হাইভোল্টেজ দ্বৈরথের আগে কুলদীপ যাদবের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আক্রম।
দুই দেশের মধ্যে রাজনৈতিক তথা সামরিক উত্তেজনার কারণে রবিবারের ম্যাচ যে এক আলাদা মাত্রা পেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই আবহেই ভারতের বাঁহাতি চায়নাম্যানের ঢালাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা পেসার আক্রম। সম্প্রচারকারী চ্যানেলে আসন্ন ভারত-পাক মহারণ নিয়ে কথা বলতে গিয়ে যিনি তুলে ধরেন অতীতের দিনগুলি।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে একটা সময় কুলদীপকে প্রশিক্ষণ দিয়েছেন আক্রম। সেই কথা স্মরণ করে সুইংয়ের সুলতান বলেন, “লেগ-স্পিন, গুগলি, ফ্লিপার। আমি এখানে বসেও ওর বলের দিশা পাচ্ছি না। রিপ্লে দেখেও এটা অসম্ভব মনে হচ্ছে। আমার মনে আছে, কুলদীপের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, তখন ও খুব ছোট। সবে নাইট রাইডার্সে যোগ দিয়েছিল। ও এবং মহম্মদ শামি সব সময় আমার সঙ্গে থাকত। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, খেলার সময়। যদি ওরা না খেলত, তা হলে ওরা আমার সঙ্গেই বসে থাকত। ওরা ক্ষুধার্ত ছিল। কুলদীপ ভীষণ ক্ষুধার্ত ছিল।”
আক্রম আরও বলেন, “আমার মনে আছে, শামি একবার আমাকে বিমানবন্দরে গাড়িতে করে নামিয়ে দিতে এসেছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি আমার সঙ্গে কেন আসছ? সে বলে, ‘ওয়াসিম ভাই, আমি আপনার কথা শুনতে চাই এবং আপনি কী বলতে চান তা শুনতে চাই।’ আমি সত্যিই এই ছেলেগুলোর জন্য গর্বিত। তারা নিজেদের দেশের জন্য অবিশ্বাস্যভাবে ভাল করেছে।”
বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে কুলদীপের ভয়ঙ্কর ঘূর্ণিতেই কুপোকাত হয়ে গিয়েছে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহি। কুলদীপের বলে থই পাননি বিপক্ষের কোনও ব্যাটারই। ৭ রানে ৪ উইকেট তুলে নেন ভারতীয় স্পিনার। যার কৃতিত্ব তিনি দিয়েছেন টিম ইন্ডিয়ার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু-কে। কুলদীপ জানান, ফিটনেসের কারণেই এই পারফরম্যান্স দিতে পেরেছেন তিনি।
