এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে এবার বেশ কঠিন গ্রুপে পড়ল ইস্টবেঙ্গল এফ সি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে বৃহস্পতিবার মূলপর্বের ড্র অনুষ্ঠিত হয়। বি গ্রুপে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে চিনের উহান জিয়াংদা ডব্লিউএফসি, ইরানের বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফ ক্লাব দল। গ্রুপ বি পর্বের ম্যাচগুলির আয়োজক গতবারের চ্যাম্পিয়ন দল চিনের উহান জিয়াংদা ডব্লিউএফসি। নভেম্বর ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত চিনের উহানে হবে বি গ্রুপের খেলা।
ইস্টবেঙ্গল এফসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ উহান জিয়াংদা ডব্লিউএফসি, যারা পাঁচবার চিনের উইমেন্স সুপার লিগে চ্যাম্পিয়ন। তাছাড়া ২০২৪-২৫ বর্ষের প্রথম এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন। ইরানের বাম খাতুন এফসি এএফসি প্রতিযোগিতায় চতুর্থবার অংশ নিচ্ছে এবং গত মরসুমে কোয়ার্টার ফাইনালে খেলেছে। পিএফসি নাসাফ উজবেকিস্তান উইমেন্স লিগে ১৬ বারের চ্যাম্পিয়ন এবং ইস্টবেঙ্গলের মতোই প্রথমবার অংশ নিয়ে প্রাথমিক পর্বের বেড়া ডিঙিয়েছে।
ফলে চিনে অনুষ্ঠেয় এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে মশাল বাহিনীর মহিলা ব্রিগেডকে। লাল-হলুদের মহিলা ব্রিগেডের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ নিজের দলের উপর আস্থা রেখেছেন। আগস্টের শেষের দিকে কম্বোডিয়ার নম পেনে অনুষ্ঠিত প্রাথমিক পর্যায়ে গ্রুপে শীর্ষে থেকেই মূলপর্বে উঠেছেন সঙ্গীতা বাসফোর, সৌম্যা গুগলথরা। তাই প্রতিপক্ষদের গুরুত্ব দিলেও, দেশের বাইরে ইস্টবেঙ্গলের লড়াইয়ের ইতিহাসও (পুরুষ ও মহিলা দলের) তুলে ধরেছেন তাদের হেড কোচ।
এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তিন গ্রুপের বিজয়ী ও রানার্স আপ এবং দু’টি সেরা তৃতীয় স্থানাধিকারী দল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠবে। আর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলি হবে ২০২৬ সালের ২০ থেকে ২৩ মে।
এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের খেলা
১৭ নভেম্বর: বাম খাতুন এফসি (ইরান)
২০ নভেম্বর: উহান জিয়াংদা ডব্লুএফসি (চিন)
২৩ নভেম্বর: পিএফসি নাসাফ (উজবেকিস্তান)
