প্রাচীনকাল থেকে আজকের এই আধুনিক সমাজে, মা দুর্গার দশ হাত যেন এক গোপন রহস্যের ভাণ্ডার। প্রতিটি অস্ত্র একটি প্রাচীন আলেখ্য, যা সময়ের আবর্তে মানুষের অন্তরের গভীরে লুকিয়ে থাকা শক্তি, সংকল্প, জ্ঞান ও নৈতিকতার প্রতীক হয়ে প্রতিফলিত হয়। শঙ্খের কণ্ঠ থেকে বজ্রের আঘাত, তলোয়ারের ধার থেকে পদ্মফুলের কোমলতা, প্রতিটি অস্ত্র আমাদের জীবনের অদৃশ্য যুদ্ধের পথপ্রদর্শক।
পুরাণের গাঢ় ছায়ায় গড়া এই প্রতীকগুলোর আসল অর্থ খুঁজতে গেলে সময়ের অতল গহ্বর পর্যন্ত নামতে হয়। যে যুগে মানুষ অশুভ শক্তির বিরুদ্ধে দেবীর অস্ত্র সংবলিত রণভূমিতে দাঁড়িয়ে ছিলেন, আজ সেই অস্ত্রগুলো জীবনের ছোট-বড় বিপর্যয়, অহঙ্কার, সঙ্কট, অজ্ঞতা ও বিভেদ দূর করার অমোঘ দিশারী।
চক্র, যা বিষ্ণু দুর্গাকে প্রদান করেছিলেন, দৃঢ়তা ও সংহতির প্রতীক। পুরাণ অনুসারে, এই চক্রের মাধ্যমে বোঝানো হয় যে সমস্ত সৃষ্টির কেন্দ্রে নিজেকে প্রতিষ্ঠিত করে জীবনের বিচরণ চালিয়ে যেতে হয়। আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক এই অস্ত্র মানুষের জীবনের নানা পরিস্থিতিতে স্থির থাকতে শেখায়।
ত্রিশূল, মহেশ্বরের উপহার, মানুষের তিনটি গুণ, সত্ত্ব, তমঃ ও রজঃ নির্দেশ করে। ধর্মজ্ঞান, অন্ধকার দিক ও অহঙ্কারের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলাই জীবনের এক অমোঘ পাঠ। এই ত্রিশূলের মাধ্যমে বোঝানো হয় যে নিজের অন্তর্নিহিত গুণগুলোর মধ্যে সামঞ্জস্য না থাকলে জীবন অস্থির হয়ে পড়বে।
শঙ্খ ও ঘণ্টার গুরুত্বও কম নয়। বরুণদেব শঙ্খ দ্বারা এবং ইন্দ্রের বাহন ঐরাবত ঘণ্টার মাধ্যমে অশুভ শক্তি দূর করার প্রতীক হিসেবে প্রমাণিত। মনে করা হয়, এই ধ্বনি অশুভ চিন্তা ও কুসংস্কার দূর করে মনের অন্ধকারকে নির্মল করে।
বজ্র, ইন্দ্রের দান, সঙ্কল্পের দৃঢ়তা ও ঐক্যের প্রতীক। সঙ্কটের সময়ে শক্তি ও একতার মধ্য দিয়ে পরিস্থিতির মোকাবিলা করাই এই অস্ত্রের মূল শিক্ষা। নাগরাজ কর্তৃক প্রদত্ত সাপ বা নাগপাশ শুদ্ধ চেতনার প্রতীক। আত্মজিজ্ঞাসার মাধ্যমে মানুষের নৈতিকতার উন্নয়নের প্রতি ইঙ্গিত দেয়।
যমরাজ দিয়েছেন গদা, যা আনুগত্য ও ভালবাসার প্রতীক। জীবনের কঠিন মুহূর্তে শৃঙ্খলা ও কর্তব্য পালন করাই এর মূল অর্থ। পবনদেব প্রদত্ত তির-ধনুক ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে দায়িত্বশীলভাবে লক্ষ্য নির্ধারণ ও তার দিকে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়।
সিদ্ধিদাতা গণেশের দান তলোয়ার বুদ্ধির প্রতীক। বৈষম্য, বিভেদ ও অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের আলোয় এগিয়ে চলার নির্দেশনা। ব্রহ্মার দেওয়া পদ্মফুল আধ্যাত্মিক চেতনার বিকাশ ও জ্ঞানের প্রসারের প্রতীক। পৃথিবীর সমস্ত জটিলতাকে জ্ঞান ও অনুধাবনের মাধ্যমে সহজ করে নেওয়ার প্রতীক এই পদ্ম।
দেবী দুর্গার দশ অস্ত্র বাস্তব জীবনের এক অসীম পাঠ। যুদ্ধক্ষেত্রের অস্ত্র নয়, বরং মানুষের অন্তর্নিহিত গুণ, শৃঙ্খলা, জ্ঞান ও সঙ্কল্পের প্রতীক। এই অস্ত্রগুলো উৎসবের আলোকে শুধু সাজানো নয়, বরং জীবনের প্রতিটি অধ্যায়ে এগিয়ে যাওয়ার দিশারী হিসেবে কাজ করে। মহোৎসবের আবেশে দাঁড়িয়ে প্রাচীন এই প্রতীকের গূঢ় শিক্ষা স্মরণ রাখা প্রয়োজন। কারণ, প্রকৃত বিজয়ী সে, যে নিজের ভেতরের অশুভ, অজ্ঞতা ও অহঙ্কারকে জয় করে নিজেকে গঠন করতে পারে।
দুর্গার দশ হাত শুধু দেবত্বের পরিচয় নয়, বরং মানবচেতনার শ্রেষ্ঠ পাঠশালা। প্রতিটি অস্ত্র যেন নিজেকে গঠন করার অমোঘ হাতিয়ার। এই পুজোর মরশুমে, দেবীর অস্ত্রগুলো নতুন আলো জ্বালিয়ে দেয় সেই পথের, যেখানে কেবল বাহ্যিক যুদ্ধ নয়, বরং অন্তর্লোকের যুদ্ধও জয় করতে হয়।
