দাবা বোর্ডে টানা ৬ ঘণ্টার ম্যারাথন লড়াই। একদিকে সাদা ঘুঁটি নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজু, অন্যদিকে কালো ঘুঁটিতে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ। দুই ভারতীয় মগজাস্ত্রের লড়াই শেষমেষ অমীমাংসিতই থাকল। ১০৩ টি চালের পর হাত মিলিয়ে উঠে পড়লেন দুজনে। উজবেকিস্তানের সামারকন্দে ফিডে গ্র্যান্ড সুইস দাবার অষ্টম রাউন্ডে পয়েন্ট ভাগাভাগি করে নিলেন ভারতের দুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দাবাড়ু।
ফিডের ক্লাসিক্যাল ওপেন দাবায় দুই বিশ্বসেরার লড়াই ঘিরে নজর ছিল বিশ্বের দাবা অনুরাগীদের। আর সেই লড়াইতে দুজনের রোমাঞ্চকর মুভ রীতিমতো মুগ্ধও করেছে। গুকেশের বর্তমান এলো রেটিং ২৭৬৭। আর দিব্যার রেটিং ২৪৭৮।
সমরকন্দে অনুষ্ঠিত FIDE গ্র্যান্ড সুইস প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে ছয় ঘন্টা, ১০৩-মুভ ম্যারাথনের পর বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডোমারাজুকে দিব্যা দেশমুখ ড্রয়ে আটকে দেন। শুক্রবার, ১২ সেপ্টেম্বর, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং মহিলা বিশ্বকাপ জয়ীর মধ্যে একটি রোমাঞ্চকর লড়াই ছিল যা বিশ্বজুড়ে দাবা ভক্তদের মুগ্ধ করেছিল। গুকেশের তুলনায় ২৮৯ রেটিং পয়েন্টে পিছিয়ে থেকেও দাবা বোর্ডে তা বুঝতেই দেননি দিব্যা। জমজমাট ম্যাচটি রুক-এন্ড-নাইট বনাম রুক এন্ডগেমে শেষ হয়।
গুকেশের সাদা ঘুঁটির অবিরাম চাপের মধ্যে দিব্যা তার ডিফেন্স মজবুত রেখেছেন। ১০০টিরও বেশি চাল ধরে তার অবস্থান ঠিক রাখেন। দাবা এক্সপার্টদের মতে এটি তাঁর কৌশল এবং মানসিক স্থিতিস্থাপকতারই প্রমাণ। এক্সপার্টদের অভিমত, গুকেশ এবং দিব্যা আগেও ড্রয়ের জন্য রাজি হতে পারতেন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ প্রতিপক্ষের একটি ভুলের আশায় অপেক্ষা করেছেন। কিন্তু গোটা ম্যাচে সেটা কখনও আসেনি। শেষ পর্যন্ত, গুকেশই ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং দিব্যা কোনও দ্বিধা ছাড়াই তা গ্রহণ করে নেন।
FIDE গ্র্যান্ড সুইস দাবায় দুই পুরুষ গ্র্যান্ড মাস্টার দাবাড়ুদের বিরুদ্ধে জয়ের পর দিব্যা, অষ্টম রাউন্ডে স্বদেশীয় গুকেশের মুখোমুখি হন। অষ্টম রাউন্ডে জিততে পারলে গড়তেন ঐতিহাসিক কীর্তি। ক্লাসিক্যাল দাবায় একজন বিশ্বচ্যাম্পিয়নকে পরাজিত করা প্রথম মহিলা হিসেবে স্থান করে নিতেন রেকর্ড বইতে।
অন্যদিকে সমরকন্দের চলতি টুর্নামেন্টটি বেশ কঠিন পরিস্থিতেতে ফেলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুকেশকে। তিনি হেরেছেন অভিমন্যু মিশ্র, এডিজ গুরেল এবং নিকোলাস থিওডোরুর কাছে। ড্র করেছেন অর্জুন এরিগাইসি এবং ১৪ বছর বয়সী ইয়াগিজ কান এরদোগমাসের সঙ্গে।
