হাবিবুর রহমান, ঢাকা
আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ঢাকার বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শনের জন্য হিন্দু ধর্মীয় নেতারা আমন্ত্রণ জানান। সোমবার সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বিভিন্ন পুজো কমিটির নেতারা।
বৈঠকে পুজোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গত বছরের তুলনায় এ বছর দেশের বিভিন্ন অঞ্চলে এক হাজারের বেশি নতুন পুজো হচ্ছে। বাংলাদেশ জুড়ে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রস্তুতি কার্যক্রম বেশ উৎসবমুখর পরিবেশে চলছে।
বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, দেশীয় পুজো উদযাপনে সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্বের দিকে মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়েছে, এদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ করা হয়েছে। তিনি আগে জানিয়েছিলেন, নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারা বসিয়ে পুজো আয়োজনের বদলে সকলের অংশগ্রহণ ও সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ উদযাপন করা উচিত।
এই বছরের দুর্গাপুজো সারা দেশে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়ার আশা করছে পুজো কমিটিগুলো। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করবেন, এবং দেশের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সৌহার্দ্য আরও দৃঢ় হবে বলেই আশা।
এই উদ্যোগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণে পুজো উদযাপন আরও সুরক্ষিত ও সমন্বিত আকারে সম্পন্ন হওয়ার সম্ভাবনা। গত প্রায় এক বছর ধরে টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে। দেশ দেখেছে উত্তাল ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালান তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর বিরুদ্ধেও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়েও টানাপোড়েন চলছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ দানা বাধছে। দেশের পরিস্থিতি এখন সুস্থির অবস্থায় ফেরেনি। এই আবহে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। হিন্দুদের শ্রেষ্ঠ উত্সবকে সাফল্যমণ্ডিত করতে চেষ্টার ত্রুটি নেই। প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তারই প্রস্তুতি খতিয়ে দেখছেন মুহাম্মদ ইউনূস।
