ইস্টবেঙ্গলে এলেন হিরোশি ইবুসুকি। ৩৩ বছর বয়সী এই জাপানি স্ট্রাইকারের সঙ্গে ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত চুক্তি করল লাল-হলুদ শিবির। এর আগে ইবুসুকি ছিলেন অস্ট্রেলিয়ান এ-লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড এফসিতে। কেরিয়ারে এখনও পর্যন্ত ১২০ টিরও বেশি গোল করেছেন তিনি। ফলে আগামী এক মরশুমের জন্য তাঁর অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করল বলেই মনে করা হচ্ছে।
বুধবার ইবুসুকির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার ঘোষণাটি করেন ইস্টবেঙ্গলের ফুটবল প্রধান থাংবোই সিংটো। তিনি বলেন, “শীর্ষস্তরের লিগগুলিতে হিরোশির গোল করার রেকর্ড, সেই সঙ্গে তাঁর পেশাদারিত্ব এবং সাফল্যের ক্ষুধা আমাদের একটি গতিশীল তথা প্রতিযোগিতামূলক দল গঠনের দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”
লাল-হলুদ কোচ অস্কার ব্রুঁজোও স্বাগত জানিয়েছেন এই চুক্তিকে। পাশাপাশি ইবুসুকিকে তিনি একজন “ক্লাসিক সেন্টার-ফরোয়ার্ড” বলেও অভিহিত করেন। যিনি আসন্ন আইএসএলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেন বলে মনে করেন ব্রুঁজো। এ দিকে যাঁর অন্তর্ভুক্তি নিয়ে এত চর্চা, সেই ইবুসুকি তো ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আনন্দে লাফাচ্ছেনই বলা যেতে পারে।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ইবুসুকি বলেন: “এই ক্লাবের একটি অবিশ্বাস্য ইতিহাস এবং দুর্দান্ত একটি ফ্যানবেসও রয়েছে। ইস্টবেঙ্গলের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি দলকে শিরোপা তাড়া করতে সাহায্য করতে চাই।” এরই সঙ্গে একেবারে বাংলাতেই ক্লাবের নামে জয়ধ্বনি দিয়ে বলেন, “জয় ইস্টবেঙ্গল!” উল্লেখ্য, ৬’৫” উচ্চতার ইবুসুকি তাঁর অফুরন্ত শক্তি, ক্লিনিক্যাল ফিনিশিং এবং লিংক-আপ খেলার জন্যই পরিচিত।
ইউরোপের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন তিনি। এর পর নিজের দেশ জাপানে ফিরেও খেলেছেন বিভিন্ন দলে। প্রতিটি জায়গাতেই ইবুসুকি ধারাবাহিকভাবে একজন নির্ভরযোগ্য গোলদাতা হিসেবে নিজের ছাপ রেখে গিয়েছেন। ২০২২ সালে তিনি যোগ দেন অ্যাডিলেড ইউনাইটেডে। এই দলের হয়ে অভিষেকেই গোল করেন তিনি। এর পরই তাঁকে দলে শামিল করে ওয়েস্টার্ন ইউনাইটেড।
