বার্সেলোনার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতে নিলেন পিএসজি-র উসমান ডেম্বেলে। ফ্রান্সের জাতীয় দলের বছর ২৮-এর ফরোয়ার্ড বিশ্ব ফুটবলে প্রথমবার সেরার স্বীকৃতি ছিনিয়ে নিয়ে আবেগে কেঁদেছেন। বার্সেলোনা ক্লাবের লামিনে ইয়ামাল পুরুষ বিভাগে পিছিয়ে পড়লেও, মহিলা বিভাগ আইতানা বনমাতি ফের ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। এই নিয়ে টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতে অনন্য রেকর্ড গড়েছেন স্পেনের বছর সাতাশের মিডফিল্ডার। প্যারিসের ব্যালন ডি’অর মঞ্চে সেরা কোচের সম্মান ছিনিয়ে নিয়েছেন পিএসজি-র হেডকোচ লুই এনরিকে।
ক্লাব ফুটবলে গত মরসুমে ৫৩ ম্যাচে ৩৫ গোল করে এবং ১৬টি গোলের ঠিকানা লেখা পাস দিয়ে পিএসজিকে ত্রিমুকুট এনে দিয়েছেন উসমান ডেম্বেলে। পিএসসজি যে ট্রফিটার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, সেই ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লিগ (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জয়ে তাঁর অবদান ছিল ৮ গোলের। ১ জুন মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে তাদের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল পিএসজি এবং পরের মাসে ফিফা ক্লাব বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল লুই এনরিকের ক্লাব দল।
পুরস্কার নিতে মঞ্চে উঠে অতিথিদের মাঝে বসা মায়ের উদ্দেশে উসমান ডেম্বেলে বলেছেন, ‘আমরা একসঙ্গে এটা করেছি।’ আবেগের দমকে এরপরই কেঁদে ফেলেন। সঞ্চালক কেট স্কট মঞ্চে তাঁর মাকে ডেকে আনার পর কিছুটা ধাতস্থ হন। নিজেকে গুছিয়ে নিয়ে বলেন, ‘আমার কেরিয়ারে অন্যতম সেরা অর্জন। পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই ২০২৩ সালে আমাকে সই করানোর জন্য। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন।’
তিনি আরও বলেন, “আমার কাছে সত্যিই কথা বলার মতো ভাষা নেই। পিএসজির সঙ্গে এটি একটি অবিশ্বাস্য মরসুম ছিল”। হেড কোচ এনরিকেকে ফাদার ফিগার হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন “এটি একটি ব্যক্তিগত ট্রফি কিন্তু এটি আসলে আমরা সম্মিলিতভাবে জিতেছি। আমার কেরিয়ারে ব্যালন ডি’অর আসলে আমার লক্ষ্য ছিল না, কিন্তু আমি দলের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য কঠোর পরিশ্রম করেছি”।
পিএসজি উয়েফা সুপার কাপের পাশাপাশি লিগ ১, ফ্রেঞ্চ কাপ জিতে পুরুষদের ক্লাব অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে। তাদের হেড কোচ লুই এনরিকে সেরা পুরুষ কোচের জন্য জোহান ক্রুইফ ট্রফি জিতেছেন। যদিও পুরস্কার নিতে প্যারিসের থিয়েটার ডু শাটেলেটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এনরিকে। তিনি তখন মার্সেইয়ের বিরুদ্ধে তার দলের অ্যাওয়ে লিগ ১-এর ম্যাচটির জন্য ব্যস্ত ছিলেন।
ব্যালন ডি অর-এর মঞ্চে বর্ষসের মহিলা ক্লাব হিসেবে মনোনীত হয়েছে আর্সেনাল। ডাচ কোচ কাম ম্যানেজার সারিনা উইগম্যান ইংল্যান্ডকে টানা দ্বিতীয় ইউরো শিরোপা এনে দেওয়ার জন্য সেরা মহিলা কোচের সম্মান আদায় করেছেন। স্পেনকে ২০২৩ বিশ্বকাপ এবং ২০২৪ উয়েফা নেশনস লিগ জিততে সাহায্য করেছেন মিডফিল্ডার আইতানা বনমাতি। ফ্রান্সের ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার টানা তিন বার ব্যালন ডি’অর সম্মান ছিনিয়ে রেকর্ড গড়েছেন।
প্রতি বছরই ব্যালন ডি’অর পুরষ্কারের জন্য সাংবাদিকদের একটি প্যানেল ভোট দেয়। ফিফা র্যাঙ্কিং অনুসারে পুরুষদের বিভাগের জন্য শীর্ষে থাকা ১০০টি দেশের একজন করে এবং মহিলাদের পুরষ্কারের জন্য শীর্ষে থাকা দেশের ৫০ জন একটি করে ভোট দেন।
