
দীর্ঘ টানাপড়েন ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করল মহাগঠবন্ধন। বৃহস্পতিবার জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, রাষ্ট্রীয় জনতা দলের তরুণ নেতা তেজস্বীই হবেন বিরোধী শিবিরের মুখ।
এই সিদ্ধান্তে সায় দিয়েছে কংগ্রেস, বামদল এবং মহাগঠবন্ধনের সব সহযোগী দল। গত কয়েক সপ্তাহ ধরে বিহারের রাজনীতিতে কে হবেন বিরোধী জোটের মুখ তা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। কখনও কংগ্রেসের তরফে আপত্তি, কখনও বাম শিবিরের অভ্যন্তরীণ মতভেদ সবকিছুর মধ্যেই অবশেষে ঐকমত্যে পৌঁছল জোটের নেতৃত্ব।
রাজনৈতিক মহলে এই ঘোষণাকে বিরোধী শিবিরের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একদিকে নীতীশ কুমারের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত আরজেডি-কংগ্রেস-বাম জোট, অন্যদিকে বিজেপি ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়েছে। আগামী নির্বাচনে এই ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
তরুণ প্রজন্মের মুখ হিসেবে তেজস্বীর নেতৃত্বে এবার নতুন বার্তা দিতে চাইছে মহাগঠবন্ধন উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি ঘিরে গড়ে উঠছে তাদের প্রচারের মূল সুর। বিহারের যুব সমাজের মধ্যে তাঁর জনপ্রিয়তা এবং আরজেডির সংগঠনিক শক্তি দু’য়ের মেলবন্ধনে বিরোধী জোট আশাবাদী।
বিহারের রাজনৈতিক অঙ্গনে তাই এখন একটাই প্রশ্ন নীতীশের অভিজ্ঞ প্রশাসন নাকি তেজস্বীর তরুণ নেতৃত্ব, কাকে বেছে নেবে ভোটাররা? সেই উত্তর মিলবে ভোটের ফলেই।
