
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দেশটি আবার পরমাণু পরীক্ষা চালুর প্রস্তুতি নিচ্ছে। শনিবার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিশ্চিত করেছেন যে, নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন যে নির্দেশ দিয়েছিলেন, তা ইতিমধ্যেই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
৫ নভেম্বরের বৈঠকে পুতিন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা দফতর, গোয়েন্দা সংস্থা ও নাগরিক প্রশাসনকে নির্দেশ দেন, যুক্তরাষ্ট্র যদি পরমাণু পরীক্ষা সংক্রান্ত চুক্তি থেকে সরে আসে, তবে রাশিয়া যেন প্রস্তুত থাকে নিজস্ব পরীক্ষার জন্য। রুশ সংবাদ সংস্থাগুলির তথ্য অনুযায়ী, এই নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং ফলাফল পরে প্রকাশ করা হবে।
এই পদক্ষেপের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, মস্কোর এই পদক্ষেপ শীতল যুদ্ধ-পরবর্তী পরমাণু স্থিতাবস্থাকে বিপন্ন করতে পারে। যুক্তরাষ্ট্র সম্প্রতি পরমাণু পরীক্ষা পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছে, যার জবাবে রাশিয়াও পাল্টা প্রস্তুতি নিচ্ছে।
দুই পরাশক্তির এই প্রতিযোগিতা বৈশ্বিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের জন্য বড় হুমকি তৈরি করতে পারে। বিশ্ব এখন নজর রাখছে, ওয়াশিংটন ও মস্কো এই পারমাণবিক টানাপোড়েন থেকে কীভাবে বেরিয়ে আসে।
