
পাকিস্তানের গোপন পরমাণু পরীক্ষার খবর ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে এই বিতর্ক আরও গভীর হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদ নাকি গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং স্পষ্ট করেছেন, পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন নয়। তাঁর মতে, ভারত নিজের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং প্রয়োজন হলে যথাযথ পদক্ষেপ নেবে। এদিকে, পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল পাকিস্তানের পারমাণবিক ইতিহাসকে ‘গোপন ও বেআইনি কার্যকলাপের ধারাবাহিকতা’ হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্পের মন্তব্যে নতুন করে আন্তর্জাতিক নজর পড়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক নীতিতে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের দাবি, তারা একতরফা ভাবে পরমাণু পরীক্ষায় বিরতি বজায় রেখেছে এবং আগেও প্রথমে পরীক্ষা চালায়নি।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক সক্ষম হলেও পরমাণু নীতি নিয়ে ভারত বরাবরই সংযত অবস্থান নিয়েছে। ফলে ট্রাম্পের দাবি ও পাকিস্তানের অস্বীকারের মাঝে রাজনাথ সিংয়ের বক্তব্য স্পষ্ট বার্তা বহন করছে ভারত প্ররোচনায় নয়, প্রস্তুতিতে বিশ্বাসী।
