
লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা এক বিস্ফোরক অভিযোগ ঘিরে এখন উত্তাল রাজনৈতিক অঙ্গন। তাঁর দাবি, হরিয়ানার হোডাল শহরের এক বাড়ির ঠিকানায় নথিভুক্ত রয়েছে ৫০১ জন ভোটার! এই তথ্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, ভোটার তালিকায় ভয়াবহ কারচুপি হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলছে।
কংগ্রেসের তদন্তে জানা গেছে, হোডালের ২৬৫ নম্বর বাড়িটি স্থানীয় এক বিজেপি নেতার নামে নথিভুক্ত, আর সেখানেই একাধিক ভুয়ো ভোটারের নাম সংযুক্ত হয়েছে। দলটির দাবি, এভাবেই হরিয়ানায় ভোট চুরি হয়েছে। রাহুলের বক্তব্য, রাজ্যের প্রায় ২৫ লক্ষ ভোটার ভুয়ো, আর এই জাল ভোটই বিজেপিকে সুবিধা দিয়েছে।
অন্যদিকে, গেরুয়া শিবিরের ব্যাখ্যা, এটি কেবল ‘ডেটা এন্ট্রির ভুল’। তাঁদের মতে, স্থানীয় বুথ লেভেল অফিসারের ত্রুটির কারণে বিভিন্ন বাড়ির নম্বর এক জায়গায় চলে এসেছে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কংগ্রেস।
বিতর্ক আরও ঘনীভূত হয় যখন রাহুল দাবি করেন, এক বিদেশি মডেলের ছবিও ভুয়ো ভোটার কার্ডে ব্যবহার করা হয়েছে, এবং একই ছবি একাধিক ভোটার পরিচয়ে ব্যবহৃত হয়েছে। যদিও স্থানীয়দের অনেকেই নিজেদের প্রকৃত ভোটার বলে দাবি করেছেন, তাঁদের অভিযোগ ভোটার তালিকায় ঠিকানা ও নামের অসামঞ্জস্য প্রশাসনের গাফিলতিতেই হয়েছে।
এই ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলের মত, বিষয়টি যদি সত্যি হয়, তবে এটি শুধু হরিয়ানা নয়, গোটা দেশের ভোট ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকেই নাড়া দেবে। বর্তমানে ঘটনাটি তদন্তের দাবিতে সরব বিরোধীরা, আর বিজেপি বলছে এটি পুরোটাই রাজনৈতিক নাটক।
