
দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে দমকল দফতরের অক্সিলারি ফায়ার অপারেটর পদে চাকরিহারা ২৮ জন কর্মী ফের ফিরে পেলেন তাঁদের চাকরি। কলকাতা হাইকোর্টের রায় বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে দুই বছর পর নতুন করে আশার আলো দেখলেন ওই কর্মীরা।
২০১৮ সালে ফায়ার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় এবং ২০১৯ সালে প্রকাশিত হয় লিখিত পরীক্ষার ফলাফল। রাজ্যজুড়ে প্রায় তিন হাজার কর্মী নিয়োগ হয়। জেলাভিত্তিক নিয়োগপ্রক্রিয়ার সময়ই অভিযোগ ওঠে ২৮ জনকে ঘিরে। নিয়োগে অনিয়মের অভিযোগে প্রথমে মামলা যায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবোুনালে, পরে তা গড়ায় কলকাতা হাইকোর্টে।
২০২৩ সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই ২৮ জনের নিয়োগ বাতিল করে। ফলে চার বছর কাজ করার পর চাকরি হারান তাঁরা। দুই বছর কর্মহীন অবস্থায় কাটাতে হয় তাঁদের। এই রায়ের বিরুদ্ধে কর্মীরা সুপ্রিম কোর্টে আবেদন করেন। দীর্ঘ শুনানির পর বিচারপতি জে.কে. মহেশ্বরীর বেঞ্চ হাইকোর্টের সিদ্ধান্ত খারিজ করে দেয়।
সুপ্রিম কোর্ট জানায়, নিয়োগপদ্ধতি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছিল, তা প্রমাণিত হয়নি। ফলে চাকরি হারানো ২৮ জন কর্মীকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে। আদালতের এই নির্দেশে কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘ অপেক্ষার পর আবার কাজে যোগ দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনেকেই এটিকে জীবনের বড় জয় বলে মনে করছেন।
ছয় বছর আগে পাওয়া চাকরি হঠাৎ বাতিল হয়ে যাওয়ায় তাঁদের পরিবারের ওপরও আর্থিক চাপ তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের এই রায় সেই অনিশ্চয়তা দূর করে নতুন করে আশার পথ খুলে দিল। রাজ্য দমকল দফতরের তরফে খুব শিগগিরই পুনর্বহালের প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে।
দুই বছরের টানাপোড়েন শেষে অবশেষে ফিরে পাওয়া চাকরি, এই রায় নিঃসন্দেহে ২৮ জনের জীবনে বড় স্বস্তির বার্তা।
