
রাজ্যের বিভিন্ন প্রান্তে SIR ফর্ম ফিলাপের শেষ তারিখ নিয়ে তৈরি হয়েছে তীব্র বিভ্রান্তি। কোথাও বলা হচ্ছে ২৫ নভেম্বরই নাকি শেষ দিন, আবার কোথাও দাবি করা হচ্ছে ২৮ নভেম্বরের মধ্যেই কাজ শেষ করার নির্দেশ এসেছে। এই পরিস্থিতিতে উদ্বেগ ও চাপের মধ্যে পড়েছেন বহু বিএলও। অভিযোগ, ইআরও বা স্থানীয় দফতর থেকেই তাড়াতাড়ি কাজ সারতে মৌখিকভাবে বলা হচ্ছে।
তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন SIR-এর কাজের জন্য নির্দিষ্ট সময়সীমা প্রথম দিন থেকেই পরিষ্কার। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর এই সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর বাইরে কোনও নতুন তারিখ ঘোষণা হয়নি। তাই ২৫ বা ২৮ নভেম্বরকে শেষ দিন বলা সম্পূর্ণ ভুল।
কেন তবে কিছু জায়গায় আগেভাগে ফর্ম জমা দেওয়ার অনুরোধ? সিইও জানান, খুব ছোট বুথগুলিতে যেখানে ভোটারের সংখ্যা ৫০০ থেকে ৭০০ সেখানে স্থানীয় ইআরও-রা আগাম কাজ শেষ করতে বলছেন। লক্ষ্য হলো দ্রুত ফর্ম সংগ্রহ, তারপর ডিজিটাইজেশন প্রক্রিয়া, খসড়া তালিকা প্রস্তুত ও ‘আনকালেক্টেড’ তালিকা প্রকাশ করা। এতে পুরো প্রক্রিয়া সময়মতো শেষ করা সহজ হয়।
সিইও দফতরের দাবি, এটি নির্দেশ নয় শুধুই অনুরোধ। অন্যদিকে বড় বুথগুলিতে (৯০০–১০০০+ ভোটার) এ ধরনের চাপ দেওয়া হয়নি।
এর মধ্যেই রাজ্যে ৩ জন বিএলও-র মৃত্যুর ঘটনা শোরগোল ফেলেছে। একাধিক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে। অভিযোগ উঠেছে অতিরিক্ত কাজের চাপ নিয়ে। যদিও কমিশনের বক্তব্য কারও ওপর কোনও জোরজবরদস্তি করা হয়নি।
সব মিলিয়ে, SIR ফর্মের তারিখ নিয়ে নানা ধরনের দাবি চললেও কমিশন স্পষ্ট করেছে ফর্ম জমা নেওয়া হবে ৪ ডিসেম্বর পর্যন্ত, এবং এই সময়সীমা পরিবর্তনের কোনও সিদ্ধান্ত হয়নি।
