
সব ঠিকঠাক থাকলে রবিবারই সাত পাকে বাঁধা পড়তেন স্মৃতি মন্ধানা এবং বলিউডের মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল। তার প্রস্তুতিও চলছিল জোরকদমে। কিন্তু ওই দিনই সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। ঘটনার জেরে বিয়ে স্থগিত রাখার ঘোষণা করেন পলাশের দিদি গায়িকা পালক মুচ্ছল। আর তার পরই কাহিনিতে নয়া টুইস্ট।
শোনা যাচ্ছে, স্মৃতি আর পলাশের মধ্যে ঢুকে পড়েছেন তৃতীয় ব্যক্তি। আর তাঁর কারণেই পিছিয়ে গিয়েছে এই বিয়ে। কয়েকটি স্ক্রিনশট ঘোরাফেরা করছে সমাজ মাধ্যমে। সেখানে মেরি ডি’কস্টা নামে থানের এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ কথাবার্তা বলতে দেখা গিয়েছে পলাশকে। কোনও কোনও চ্যাটে তিনি মেরিকে একসঙ্গে সাঁতার কাটতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন তো কখনও আবার এমন কথাও বলেছেন যে, স্মৃতিকে ডেট করা তাঁর জন্য কষ্টকর।
আশ্চর্যের বিষয় হল, বিয়ে সংক্রান্ত যাবতীয় পোস্ট এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন স্মৃতি এবং জেমাইমা রদ্রিগেজ, শ্রেয়াঙ্কা পাতিলের মতো তাঁর ভারতীয় দলের সতীর্থরা। যদিও সরাসরি মুখ খোলেনি দুই পরিবারের কেউই। বরং হবু শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় পলাশ নিজেও অসুস্থবোধ করেছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও খবর। যদিও পরে ছাড়া পেয়েছেন। পলাশের মা অমিতা জানিয়েছেন, অসুস্থ হবু শ্বশুরের সঙ্গে পলাশের এতটাই ঘনিষ্ঠতা যে, টানা ৪ ঘন্টা ধরে কেঁদেছিলেন তিনি।
