
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল আইসিসি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই স্বল্পদৈর্ঘ্যের বিশ্বমঞ্চ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজক দেশ। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ সূচি প্রকাশ করেন। বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবার নামছে শিরোপা রক্ষার মিশনে যা এখনও কোনও দল করে দেখাতে পারেনি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সূর্যকুমার যাদবের ভারত। ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। পাঁচ দিন পর, ১২ ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। এরপর গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি এই হাইভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোয়। গ্রুপের শেষ ম্যাচে ১৮ ফেব্রুয়ারি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ভারত।
গতবার ২০২৪ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার দল। ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছর পর আইসিসি ট্রফি জেতে ভারত। সেই সাফল্য দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। ধারাবাহিকতা, বড় ম্যাচে দৃঢ়তা সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট।
ভারতের সম্পূর্ণ সূচি (T20 World Cup 2026):
- ৭ ফেব্রুয়ারি — ভারত বনাম আমেরিকা, মুম্বই
- ১২ ফেব্রুয়ারি — ভারত বনাম নামিবিয়া, দিল্লি
- ১৫ ফেব্রুয়ারি — ভারত বনাম পাকিস্তান, কলম্বো
- ১৮ ফেব্রুয়ারি — ভারত বনাম নেদারল্যান্ডস, আমদাবাদ
বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি, খেলোয়াড়দের ফর্ম ও সাবেক চ্যাম্পিয়ন হিসেবে মানসিক দৃঢ়তা সব মিলিয়েই ক্রিকেট দুনিয়ার নজর থাকছে টিম ইন্ডিয়ার দিকে। এই টুর্নামেন্ট জিতে ইতিহাস গড়তেই মাঠে নামছে ভারত।
