
উচ্চ প্রাথমিকের নিয়োগে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। মাত্র এক দিন আগেই প্রাথমিক শিক্ষকদের ৩২ হাজার চাকরি বহাল রেখে রাজ্যকে স্বস্তি দিয়েছিল ডিভিশন বেঞ্চ। কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরেকটি রায়ে বড় ধাক্কা খেল সরকার।
বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ জানায়, নিয়মিত নিয়োগের মতো সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না, বিশেষ পরিস্থিতিতেই এমন পদ সৃষ্টি হয়। আদালত উল্লেখ করে, উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ করতে গিয়ে রাজ্য ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবরের বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। এ দিন সেই দুই বিজ্ঞপ্তিই খারিজ করে দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরেই সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। পরে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই বিষয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করায়, সেই রায়কে ভিত্তি করে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিল রাজ্য। তাদের দাবি ছিল, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদের নিয়োগ অনুমোদন করা হোক। কিন্তু গত ৭ মে বিচারপতি বসুর একক বেঞ্চ স্থগিতাদেশ বহাল রাখে। এরপর রাজ্য ডিভিশন বেঞ্চে যায়। সেখানেও একই নির্দেশ বহাল ছিল। অবশেষে বৃহস্পতিবারের রায়ে সুপার নিউমেরারি সিদ্ধান্ত পুরোপুরি খারিজ হল।
উচ্চ প্রাথমিকের এই মামলার বাকি বিষয়গুলির শুনানি আগামী জানুয়ারিতে হবে। রাজ্যের কাছে এটি নতুন চ্যালেঞ্জ, একদিকে প্রাথমিক নিয়োগে স্বস্তি, অন্যদিকে উচ্চ প্রাথমিকে নিয়োগের পথ আরও জটিল হয়ে উঠল।
