
রায়পুরে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ৩৫৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে টেম্বা বাভুমার দল। এমন ঐতিহাসিক জয়ের পর ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।
রায়পুরের ম্যাচে ব্যাট–বলে ছন্দে ছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুতেই বোলাররা পরিকল্পনা মেনে চাপ তৈরি করেন। এরপর ব্যাট হাতে একের পর এক দায়িত্বশীল ইনিংস। বিশেষ করে এইডেন মার্করামের অনবদ্য ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বড় লক্ষ্য সামনেও দলগত প্রচেষ্টায় ভরসা রেখে এগিয়েই জয় ছিনিয়ে নেয় আফ্রিকা।
ম্যাচ শেষে বাভুমা বলেন, “এই জয়টা দলগত প্রচেষ্টার ফল। ম্যাচ শুরুর আগেই ঠিক ছিল ভালো বোলিং করব, ব্যাটিং নিয়ে আলাদা চিন্তা নেই। ছেলেরা সেটা দারুণভাবে করে দেখিয়েছে। এই জয়ের পরে আমরা অনেক আত্মবিশ্বাস পাচ্ছি। শেষ ম্যাচে সিরিজটা আমরা জমিয়ে দিতে পারব বলেই মনে হচ্ছে।” তাঁর দাবি, দলের ভিতরে সুস্থ প্রতিযোগিতা তৈরি হওয়ায় সবাই আরও ভালো খেলতে উৎসাহিত হচ্ছে।
মার্করামের ইনিংস নিয়ে তিনি বলেন, “দায়িত্ব নিয়ে খেলেছে ও। আমরা চেয়েছিলাম লড়াইটা শেষ অবধি নিয়ে যেতে। ও ঠিক সেটাই করেছে। টেস্ট সিরিজের সাফল্য আমাদের ভিতরে আলাদা আত্মবিশ্বাস জুগিয়েছে, যা ওডিআইয়েও কাজে লেগেছে।”
এখন নজর বিশাখাপত্তনমে। আগামী শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সেই ম্যাচই নির্ধারণ করবে একদিনের এই দ্বন্দ্বে কোন দল উঠবে শীর্ষে। বর্তমানে ১-১ অবস্থান। ফলে চূড়ান্ত লড়াই নিয়ে দুই শিবিরেই উত্তেজনা তুঙ্গে।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে যে দাপট দেখিয়েছে, তাতে শেষ ম্যাচে ভারতকে আরও সতর্ক হতে হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সিরিজের ভাগ্য এখন শেষ ৫০ ওভারের লড়াইতেই নির্ধারিত হতে চলেছে।
