
মাত্র ৩ মিনিটে নাকি তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এগ কোরমা। ডিমের সাধারণ কারির সব ছক ভেঙে, খুব সামান্য উপকরণেই বানিয়ে ফেলা যায় ক্রিমি, মশলাদার ও ঘরোয়া স্বাদের কোর্মা।
আগে ৬টি সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে আলাদা করে রাখুন। একটি প্যানে তেল গরম করে তাতে রসুন, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এই সমস্ত গরম মশলা নুনের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে। এতে মশলার ঝাঁঝ ও ঘ্রাণ তেলে ভালোভাবে মিশে যায়।
এরপর সেই সুগন্ধি তেলে কুচোনো পেঁয়াজ ও থেঁতলানো রসুন দিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ সোনালি রঙ নেয়। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে কুচোনো টমেটো যোগ করা হবে। রেসিপি অনুসারে, টমেটো ভাজা হয়ে নরম হয়ে গেলে মেশাতে হবে টমেটো সস এবং এক কাপ দুধ। এর ফলে কোর্মার গ্রেভি হয়ে ওঠে ঘন, হালকা মিষ্টি এবং নরম টেক্সচারের।
এরপর সেদ্ধ ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে হালকা আঁচে কয়েক মুহূর্ত রান্না করতে হবে, যাতে মশলা ডিমে ভালোভাবে ঢুকে যায়। শেষ ধাপ, উপর থেকে কুচোনো ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন।
এই প্রণালী অনুসরণ করলে খুব অল্প সময়েই বানিয়ে ফেলা যাবে এমন এক এগ কোরমা যা স্বাদে টক-মিষ্টি-মশলাদার এবং নরম গ্রেভির জন্য একেবারে আলাদা। ব্যস্ত দিনের দুপুরের লাঞ্চ হোক বা রাতের তাড়াহুড়োর ডিনার ভাত, রুটি বা পরোটা, সব কিছুর সঙ্গেই মানিয়ে যাবে এই কোর্মা।
