
পাকিস্তানের নতুন সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির পদোন্নতির পর প্রথম বক্তৃতাতেই ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন। সোমবার পাক সেনার তিন বাহিনীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে তিনি দাবি করেন, ভবিষ্যতে কোনও সংঘাত তৈরি হলে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে ‘‘আরও দ্রুত এবং আরও কঠোর’’। ভারত যেন কোনও ভুল ধারণার মধ্যে না থাকে, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মুনির।
গত মাসেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার সংসদে সংবিধান সংশোধন করে ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ নামে নতুন পদ তৈরি করে মুনিরকে সেনা সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেয়। এত দিন তিন বাহিনীর উপরে কোনও অভিন্ন পদ না থাকায় এই সিদ্ধান্তকে মুনিরের ক্ষমতাবৃদ্ধির বিশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ভারত–পাক উত্তেজনা গত কয়েক মাসে আবারও বৃদ্ধি পেয়েছে। পহেলগাঁও হামলার পর ভারতের ‘সিঁদুর অভিযান’-এ পাকিস্তানের বড় ধাক্কা লাগে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বিশ্বজুড়ে আলোচিত হয়। সম্প্রতি ভারতীয় সেনা, বিএসএফ এবং পশ্চিমাঞ্চলীয় কমান্ড স্পষ্ট জানিয়েছে ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তারা পুরোপুরি প্রস্তুত। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও বলেন, প্রথম অভিযানের অভিজ্ঞতা নতুন অভিযানে আরও শক্তি জোগাবে।
এই পরিস্থিতিতে মুনিরের সতর্কবার্তা স্বাভাবিকভাবে তাৎপর্যপূর্ণ। তাঁর দাবি, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনও আপস করবে না। শুধু ভারত নয়, আফগানিস্তানকেও কড়া বার্তা দিয়েছেন তিনি বিদ্রোহী গোষ্ঠীর পাশে থাকলে কাবুলকে তার পরিণতি ভোগ করতে হবে।
দুই দেশের মধ্যে উত্তেজনা ফের বাড়ার ইঙ্গিত হিসেবে মুনিরের মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নজর রাখছে।
