
কৃষ্ণনগরের জনসভা থেকে বৃহস্পতিবার আরও একবার কেন্দ্রের মোদী সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে SIR চালুর পর থেকেই কেন্দ্রকে নিশানা করে আসছেন তিনি। এদিন তার বক্তৃতা আরও কড়া, আরও সরাসরি।
মমতা অভিযোগ করেন, অমিত শাহের নির্দেশেই বাংলায় SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাঁর ভাষায়, “এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তাঁর দুই চোখ ভয়ঙ্কর এক চোখে দুর্যোধন, আর অন্য চোখে দুঃশাসন।” তিনি দাবি করেন, বিজেপির আইটি সেল তৈরি করা তালিকা দিয়ে রাজ্যে ‘ভোট কারচুপির’ চেষ্টা করা হচ্ছে।
বিহার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “বিহারে তোমরা পারলেও বাংলায় পারবে না। কলকাঠি যতই নাড়াও, বাংলার মানুষ সব বুঝে গেছে।” একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে ভোট ভাগ করার রাজনীতি চালানোর অভিযোগ তোলেন। তার বার্তা “বিজেপি টাকা লাগিয়ে ভোট ভাগ করতে নামে। কাউকে ভোট ভাগ করতে দেবেন না।”
অমিত শাহ সংসদে বলেছিলেন, অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ালে “বাংলা থেকে মুছে যেতে হবে।” এর জবাবে মমতা স্পষ্ট বলেন, “পশ্চিমবঙ্গে NRC হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না। কাউকে তাড়াতে দেব না। আর কেউ তাড়ালে কী ভাবে ফিরিয়ে আনতে হয়, আমরা জানি।”
সভা থেকে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে বাংলার শান্তি, অধিকার ও ভোটাধিকার রক্ষার দায়িত্ব তার সরকার নেবে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ‘ভোটার আতঙ্ক’ তৈরির অভিযোগও পুনরায় তোলেন তিনি।
কৃষ্ণনগরের জনসভায় মমতার এই তীব্র আক্রমণ নিঃসন্দেহে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা আরও চড়াবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
