
ইন্ডিগো গত কয়েকদিনের ব্যাপক ফ্লাইট বাতিল–বিলম্বের জেরে বিপাকে পড়া যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। বিমান সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের ১০,০০০ টাকা মূল্যের ট্র্যাভেল ভাউচার দেওয়া হবে, যা আগামী ১২ মাসের মধ্যে ইন্ডিগোর যেকোনো ভবিষ্যৎ যাত্রায় ব্যবহার করা যাবে। সংস্থার মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান।
গত কয়েকদিনে ইন্ডিগোর পরিষেবা বড়সড়ভাবে ব্যাহত হয়েছে। চেন্নাই ও হায়দরাবাদ-সহ বেশ কয়েকটি বিমানবন্দরে যান্ত্রিক সমস্যা ও কার্যক্রমে জটিলতার কারণে শতাধিক ফ্লাইট বাতিল হয়। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে পড়েন। অনেকেই গুরুতর অসুবিধার সম্মুখীন হন। সংস্থা তাই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে দাঁড়াতে এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মুখপাত্র জানান, সরকারের বর্তমান নির্দেশিকা অনুযায়ী ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে বাতিল হলে যাত্রীদের ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যে বাতিল হওয়া ফ্লাইটের জন্য বেশিরভাগ রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও ইন্ডিগো দাবি করেছে। বাকিগুলো খুব শিগগিরই জমা হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
সংস্থা জানিয়েছে, যদি কারও বুকিং কোনো ট্র্যাভেল পার্টনার বা তৃতীয় পক্ষের মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে রিফান্ড নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে customer.experience@goindigo.in–এ ইমেল করার।
মুখপাত্র আরও বলেন, “আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো গ্রাহকের অভিজ্ঞতা। বিঘ্নিত পরিষেবা স্বাভাবিক করতে আমরা কাজ করছি। নিরাপদ ও মসৃণ যাত্রা ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” ঘটনাটি নিয়ে আজ ডিজিসিএ দপ্তরে ইন্ডিগোর সিইও পিটার এলবার্স বৈঠক করেন।
ইন্ডিগোর এই পদক্ষেপে বহু যাত্রীর সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করছে বিমান চলাচল মহল।
