
শনিবার ভোরে কলকাতায় পা রাখতেই শহরজুড়ে শুরু হয়ে গেল লিওনেল মেসি–উন্মাদনা। তিন দিনের ‘GOAT Tour India’-এর সূচনা লগ্নে কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে সরাসরি সল্টলেকের হায়াত রিজেন্সিতে পৌঁছন আর্জেন্টিনার মহাতারকা। ভোর সাড়ে তিনটে নাগাদ ব্যাক এন্ট্রি দিয়ে হোটেলে ঢোকানো হয় তাঁকে, যাতে ভিড় এড়ানো যায়। তবুও শহরের ফুটবলপ্রেমীদের উত্তেজনায় কোনও ভাটা পড়েনি।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, মেসি উঠেছেন হোটেলের ৭৩০ নম্বর ঘরে। নিরাপত্তার কারণে পুরো সাত নম্বর ফ্লোর সিল করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু লিফট ও করিডর সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হয়েছে, যদিও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে অন্য অতিথিদের পরিষেবায় বড় কোনও সমস্যা হচ্ছে না।
ঠিক কোন ক্যাটাগরির রুমে মেসি থাকছেন, তা প্রকাশ্যে জানানো হয়নি। তবে হায়াতের ওয়েবসাইট অনুযায়ী, এই সময় প্রেসিডেনশিয়াল স্যুট অনুপলব্ধ। অন্যান্য বিলাসবহুল স্যুটের এক রাতের খরচ ৫০ হাজার থেকে দেড় লক্ষ টাকারও বেশি। এই হিসেব ধরেই ধারণা, মেসি থাকছেন অত্যন্ত প্রিমিয়াম কোনও স্যুটে।
ভোর থেকেই হোটেল লবি কার্যত আর্জেন্টিনার ফ্যানজোনে পরিণত হয়েছে। আকাশি-সাদা জার্সি, পতাকা আর স্কার্ফে ভরে গিয়েছে চারপাশ। কেউ লবিতে বসে অপেক্ষা করছেন, কেউ করিডরে ঘুরে বেড়াচ্ছেন একটাই স্লোগান, ‘মেসি! মেসি!’ অনেক সমর্থক শুধু কাছাকাছি থাকার আশায় হোটেলেই ঘর বুক করেছেন।
নিউ আলিপুরের এক পরিবার আগের দিনই চেক-ইন করেছেন ছেলের আবদারে। নবম শ্রেণির ছাত্র কৃষ গুপ্ত রোনাল্ডোর ভক্ত হলেও বলছে, “প্রতিদ্বন্দ্বী শহরে মেসি এসেছেন এই সুযোগ ছাড়লে চলত না।” কলকাতা যে আবারও বিশ্ব ফুটবলের মানচিত্রে, তা বুঝিয়ে দিচ্ছে এই উন্মাদনাই।
