
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খল উদ্বোধনী পর্বের পর ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর দ্বিতীয় অধ্যায়ে শনিবার হায়দরাবাদে পৌঁছলেন লিওনেল মেসি। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হায়দরাবাদে আয়োজকেরা নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা নিয়েছেন। স্টেডিয়াম থেকে হোটেল সব জায়গাতেই আলাদা প্রোটোকল কার্যকর করা হয়েছে।
কলকাতা থেকে সরাসরি হায়দরাবাদে নামেন আর্জেন্তিনীয় মহাতারকা। সফরের মূল আকর্ষণ সন্ধ্যা ৭টায় উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘গোট কাপ’ প্রদর্শনী ম্যাচ। ম্যাচের আগে থাকছে আনুষ্ঠানিক কিক-অফ, যেখানে মেসির সঙ্গে মাঠে উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। আয়োজকদের দাবি, এটি প্রতিযোগিতামূলক নয়, সম্পূর্ণ প্রদর্শনী ম্যাচ হলেও দর্শকদের বিনোদনে কোনও ঘাটতি রাখা হবে না।
হায়দরাবাদ পর্বে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন। দর্শক প্রবেশ, বসার ব্যবস্থা এবং ভিআইপি মুভমেন্ট সব ক্ষেত্রেই আলাদা দল দায়িত্বে রয়েছে। কলকাতায় টিকিট কেটে মেসিকে না দেখতে পাওয়ার অভিযোগ ও ক্ষোভের প্রেক্ষিতে এখানে যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, সে দিকেই বিশেষ নজর প্রশাসনের।
ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছে ২,২৫০ টাকা থেকে, ক্যাটাগরি অনুযায়ী যা সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন গ্যালারি ও ভিআইপি ব্লকের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে।
ম্যাচ শেষে মেসির সূচিতে রয়েছে ফলকনামা প্যালেসে একান্ত নৈশভোজ ও মিট অ্যান্ড গ্রিট। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও নির্বাচিত তারকা ও অতিথিরা উপস্থিত থাকবেন। বন্ধ দরজার আড়ালে এই পর্বে ফটো-সেশন ও সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা।
কলকাতার বিতর্কিত পর্বের রেশ কাটিয়ে হায়দরাবাদে মেসির উপস্থিতি ঘিরে এখন সব নজর সন্ধ্যার ‘গোট কাপ’-এর দিকে। সফল আয়োজনের মাধ্যমেই ট্যুরের ছন্দ ফেরাতে চাইছেন আয়োজকেরা।
