
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার পর মেসির ‘গোট ট্যুর ইন্ডিয়া’ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে হায়দরাবাদ সফর এখন নিশ্চিত। শনিবার সন্ধ্যায় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আয়োজকদের দাবি, মেসি মাঠে থাকবেন সীমিত সময়ের জন্য।
কলকাতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হায়দরাবাদে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। তিনস্তরের নিরাপত্তা বলয়, বাড়তি ক্যামেরা নজরদারি এবং স্টেডিয়ামের ভিতরে-বাইরে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তেলেঙ্গানা পুলিশের ডিজি জানিয়েছেন, কলকাতায় যে ভুল হয়েছিল, তা পুনরাবৃত্তি রোধের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শকদেরও মেসি দেখার সুযোগ দেওয়া হচ্ছে।
শনিবার বিকেলেই মেসি ও তাঁর দলের বিমান হায়দরাবাদে পৌঁছেছে। প্রদর্শনী ম্যাচে মেসির দলের বিপক্ষে খেলবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির দল। রাজনৈতিক তৎপরতাও চোখে পড়ছে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী শহরে পৌঁছে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ম্যাচেও উপস্থিত থাকবেন।
কলকাতার ঘটনায় মূল আয়োজক শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে ‘মিসম্যানেজমেন্ট’-এর দায় স্বীকার করেছেন। এছাড়া, AIFF জানিয়েছে, ট্যুরটি বেসরকারি এবং ফেডারেশনের অনুমোদিত নয়।
হায়দরাবাদে সব প্রস্তুতি কড়া, তবে কলকাতার ছায়া এখনও টুরের উপর। এখন দেখার, মেসি শান্তিপূর্ণ পরিবেশে খেলতে পারছেন কি না এবং ভারত সফর শেষ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে কি না।
