
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও লাঠিচার্জের ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, তরুণ প্রজন্মের আবেগকে সম্মান না জানিয়ে নির্মমভাবে পুলিশি বলপ্রয়োগ করা হয়েছে এবং গোটা ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “এটা শুধু কলকাতা বা বাংলার ঘটনা নয়, আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কোটি কোটি মানুষ এই ঘটনা দেখেছেন। একজন ভারতবাসী হিসেবে আমরা সবাই লজ্জিত।” তাঁর দাবি, অনুষ্ঠানের বিশৃঙ্খলার পিছনে শাসকদলের প্রভাবশালী মহলের যোগ রয়েছে। মুখ্যমন্ত্রীর পরিবার থেকে শুরু করে একাধিক মন্ত্রীর পরিবারের নামও তিনি ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরেন।
শুভেন্দুর অভিযোগের কেন্দ্রে রয়েছে পুলিশের ভূমিকা। তাঁর কথায়, “ইয়াং জেনারেশনের আবেগকে মর্যাদা না দিয়ে সাদা পোশাকের পুলিশ দিয়ে ভাই-বোন নির্বিশেষে নৃশংস লাঠিচার্জ করা হয়েছে।” তিনি জানান, এই সংক্রান্ত ছবি ও তথ্য তুলে ধরতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দেখানো হয়েছে।
শতদ্রু দত্তের বিরুদ্ধে দায়ের হওয়া FIR নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “FIR-এ একমাত্র অভিযুক্ত হিসেবে শতদ্রু দত্তের নাম রাখা হয়েছে। সামনে ভোট বলেই এখন তাঁকে ধরা হয়েছে। আসল দোষীরা আড়ালে থেকে যাচ্ছে।” পাশাপাশি তিনি বলেন, তৃণমূল-ঘনিষ্ঠ স্পনসরদের অর্থে অনুষ্ঠান আয়োজন হলেও দায় চাপানো হচ্ছে একজনের উপর।
এই ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। তাঁর স্পষ্ট বার্তা, যুবভারতীর ঘটনায় দায়ীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
