
রাজ্যের খসড়া ভোটার তালিকা (Draft Voter List) ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপ ‘ইসিআইএনইটি’-র মাধ্যমে ভোটাররা নিজেদের নাম খসড়া তালিকায় রয়েছে কি না, তা যাচাই করতে পারছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন, তবুও সম্ভাব্য নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে শাসক শিবিরে।
এই আবহে আজ বিকেল ৪টেয় ভবানীপুর বিধানসভার বুথ লেভেল এজেন্টদের (BLA) সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তাঁর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের একাধিক শীর্ষ নেতাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ভবানীপুর মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র হওয়ায় এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা। কমিশনের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন। এনুমারেশন পর্ব শেষে ফর্ম ডিজিটাইজ হয়েছে প্রায় ৭৮.২৯ শতাংশ ভোটারের। তবে খসড়া তালিকা থেকে ভবানীপুরেই বাদ পড়তে পারে প্রায় ৪৪ হাজার ৭৮৭ জনের নাম, যা মোট ভোটারের প্রায় ২১.৭১ শতাংশ।
কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাদ পড়া নামের মধ্যে রয়েছেন মৃত ভোটার, নিখোঁজ, স্থায়ীভাবে স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটাররা। এই পরিস্থিতিতে কারা এবং কেন তালিকা থেকে বাদ যাচ্ছেন, তা খতিয়ে দেখতেই বিএলএদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকা নিয়ে কোনও আপত্তি বা ত্রুটি থাকলে কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে। শুনানি ও যাচাইয়ের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।
