
বড়দিন (ক্রিসমাস) আসতে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। উৎসবের মেজাজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে শহর কলকাতা জুড়ে। আর সেই উৎসবের অগ্রিম ঝলক দেখা গেল মঙ্গলবার ধর্মতলায়। এদিন সকাল থেকেই পার্ক স্ট্রিট সংলগ্ন এই এলাকা ভিড়ে জমজমাট ছিল, তবে সেই ভিড়ে নজর কাড়ল একদল কচিকাঁচার উচ্ছ্বাস।
ক্রিসমাস সেলিব্রেশনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন স্কুল ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এদিন ধর্মতলার সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সান্তা ক্লজের লাল-সাদা পোশাকে সেজে ওঠা শিশুরা হাতে বেলুন ও ক্রিসমাসের প্রতীক নিয়ে হাসিমুখে রাস্তায় নামে। তাদের সঙ্গে পা মেলায় অভিভাবক এবং শিক্ষিকারাও। বাচ্চাদের হাতে তৈরি করা রঙিন প্ল্যাকার্ডে লেখা ছিল “মেরি ক্রিসমাস”।গান গেয়ে, নেচে তারা বড়দিনের আগমন বার্তা ঘোষণা করে। এই আনন্দ মিছিলে সান্তা ক্লজের বেশে থাকা কয়েকজন বড় মানুষ বাচ্চাদের চকোলেট ও ছোট উপহার বিতরণ করেন।
এক অভিভাবক জানান, “ডিজিটাল দুনিয়ায় শিশুরা এখন বেশিরভাগ সময় বাড়িতে কাটায়। তাই তাদের এই খোলা পরিবেশে ক্রিসমাসের আনন্দ উপভোগ করতে দেওয়াটা জরুরি ছিল।” এই ধরনের সেলিব্রেশন শুধু বিনোদন নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকার এক সুন্দর বার্তা দেয়।
এই উদ্যোগ উৎসবের উন্মাদনা আরও বাড়িয়ে দিল। শিশুদের নির্মল হাসি ও উল্লাসে মনে করিয়ে দিল, ক্রিসমাসের প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে ভালোবাসার আদান-প্রদানে।
