
ভারতে প্রথমবারের মতো ‘গোট ট্যুর’ শেষ করলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও নয়াদিল্লি এই চার শহরে সফরের পর মেসির ভারতীয় অধ্যায়ের আরেকটি মুহূর্ত এখন চর্চার কেন্দ্রে। অনন্ত অম্বানির প্রতিষ্ঠিত বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র ‘ভান্তারা’য় সফরের সময় মেসিকে উপহার দেওয়া হয় এক অতিদুর্লভ বিলাসবহুল ঘড়ি, যার মূল্য প্রায় ১০.৯ কোটি টাকা।
এই বিশেষ ঘড়িটি রিচার্ড মিলের RM 003-V2 GMT টুরবিলিয়ন ‘এশিয়া এডিশন’। বিশ্বজুড়ে মাত্র ১২টি ঘড়ি তৈরি হয়েছে এই মডেলের, যা একে রিচার্ড মিলের সবচেয়ে এক্সক্লুসিভ টাইমপিসগুলোর তালিকায় তুলে এনেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, অনুষ্ঠানে পৌঁছানোর সময় মেসির হাতে কোনও ঘড়ি ছিল না, কিন্তু পরে তাঁকে এই দামী রিচার্ড মিল পরতেই দেখা যায়।
এই ঘড়ির প্রযুক্তিগত বৈশিষ্ট্যও নজরকাড়া। ম্যানুয়াল-ওয়াইন্ডিং টুরবিলিয়ন মুভমেন্টের সঙ্গে রয়েছে ডুয়াল টাইম জোন, পাওয়ার রিজার্ভ ইন্ডিকেটর ও টর্ক ইন্ডিকেটর। কার্বন টিপিটি দিয়ে তৈরি ৩৮ মিমি কেস, টাইটেনিয়াম বেসপ্লেট ও স্কেলেটন ডায়াল ঘড়িটিকে দিয়েছে আধুনিক ও সাহসী লুক। বিশেষ স্যাফায়ার ডিস্কের কারণে ৩টার দিকে কালো সংখ্যাগুলি সাদা ব্যাকগ্রাউন্ডে যেন আলোর মতো জ্বলে ওঠে।
ঘড়িটির টুরবিলিয়ন মেকানিজম সময়ের নির্ভুলতা বজায় রাখতে মাধ্যাকর্ষণের প্রভাব কমায়। ক্রাউনের সঙ্গে যুক্ত বিশেষ পুশার ব্যবহার করে ওয়াইন্ডিং, নিউট্রাল ও টাইম সেটিং মোড বদলানো যায়। এই ঘড়ির মালিকদের তালিকায় রয়েছেন ব্রুনেইয়ের সুলতান, ফর্মুলা ওয়ান তারকা মিক শুমাখার ও ঘড়ি জগতের নামী ব্যক্তিত্বরা। সেই তালিকায় এবার যুক্ত হল লিওনেল মেসির নাম ভারত সফরের এক স্মরণীয় স্মারক হিসেবে।
