
আধার কার্ডধারীদের তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই এমনই স্পষ্ট বার্তা দিল কেন্দ্র সরকার। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (UIDAI) ডেটাবেস থেকে এখনও পর্যন্ত আধার ব্যবহারকারীদের কোনো তথ্য ফাঁসের ঘটনা ঘটেনি।
লোকসভায় ১৭ ডিসেম্বর এক প্রশ্নের লিখিত উত্তরে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেন, আধার বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক পরিচয়পত্র ব্যবস্থা। বর্তমানে দেশে প্রায় ১৩৪ কোটি ‘লাইভ’ আধার নম্বরধারী রয়েছেন। আধার চালুর পর থেকে এখন পর্যন্ত ১৬ হাজার কোটিরও বেশি অথেন্টিকেশন লেনদেন সম্পন্ন হয়েছে, যা এই ব্যবস্থার ব্যাপকতা ও নির্ভরযোগ্যতার প্রমাণ।
মন্ত্রী জানান, আধার ব্যবস্থায় ‘ডিফেন্স-ইন-ডেপথ’ নীতির উপর ভিত্তি করে বহুস্তরীয় নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হয়েছে। অর্থাৎ, কোনো একটি স্তরে সমস্যা হলেও অন্য স্তরগুলি তথ্য সুরক্ষায় সক্রিয় থাকে। আধার সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও সংরক্ষণের ক্ষেত্রে উন্নত মানের এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে তথ্য চুরি বা অপব্যবহারের আশঙ্কা না থাকে।
এছাড়াও আধার ব্যবস্থাকে ‘প্রোটেক্টেড সিস্টেম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টার (NCIIPC)-এর নিয়মিত নজরদারিতে থাকে এই পরিকাঠামো। সাইবার নিরাপত্তা জোরদার করতে UIDAI-কে নিয়মিত পরামর্শও দেওয়া হয়।
সরকার আরও জানিয়েছে, একটি স্বতন্ত্র অডিট সংস্থার মাধ্যমে আধার ইকোসিস্টেমে গভর্ন্যান্স, রিস্ক ও কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক তৈরি ও পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, আধার সংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সিস্টেমে নিয়মিত সাইবার সিকিউরিটি অডিট, স্ট্যাটিক ও ডায়নামিক সিকিউরিটি টেস্টিং করা হয়, যাতে সম্ভাব্য দুর্বলতা আগেভাগেই চিহ্নিত ও সংশোধন করা যায়।
সব মিলিয়ে, আধার তথ্য সুরক্ষিত রাখতে সরকার ও UIDAI একাধিক স্তরে কড়া ব্যবস্থা নিয়েছে বলেই দাবি কেন্দ্রের।
