
ট্রেনে যাতায়াতের সময় আর ইচ্ছেমতো ভারী লাগেজ নিয়ে ওঠা যাবে না। নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র বহন করলে এবার যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত চার্জ। লোকসভায় এক লিখিত জবাবে এই বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতীয় রেলওয়েতে আগে থেকেই কোচ ও শ্রেণি অনুযায়ী লাগেজ বহনের ঊর্ধ্বসীমা নির্ধারিত রয়েছে, তবে সেই নিয়ম অনেক যাত্রীই মানেন না। এবার সেই নিয়ম আরও কড়াভাবে কার্যকর করা হবে।
রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী, সেকেন্ড ক্লাস কোচে একজন যাত্রী সর্বাধিক ৩৫ কেজি পর্যন্ত লাগেজ বিনা অতিরিক্ত খরচে বহন করতে পারবেন। স্লিপার ক্লাস এবং এসি থ্রি টিয়ার কোচে এই সীমা ৪০ কেজি। এসি টু টিয়ার যাত্রীদের জন্য সর্বোচ্চ লাগেজ সীমা ৫০ কেজি, আর এসি ফার্স্ট ক্লাসে তা ৭০ কেজি পর্যন্ত। এই নির্ধারিত ওজনের বেশি লাগেজ নিয়ে উঠলে অতিরিক্ত ফি দিতে হবে।
রেল সূত্রে জানা গেছে, যদি কোনও যাত্রী প্রয়োজন অনুযায়ী বেশি লাগেজ নিয়ে যেতে চান, তবে আগাম বুকিংয়ের মাধ্যমে তা করা যাবে। সে ক্ষেত্রে নির্ধারিত লাগেজ ভাড়ার দেড় গুণ পর্যন্ত চার্জ দিতে হবে। বিশেষ করে বড় ট্রাঙ্ক, স্যুটকেস বা বক্সের আয়তন যদি নির্দিষ্ট সীমার বেশি হয়, তাহলে তা যাত্রী কামরায় বহনের অনুমতি থাকবে না। ওই ধরনের লাগেজ পার্সেল ভ্যানের মাধ্যমে পাঠাতে হবে।
রেল কর্তৃপক্ষের মতে, এই নিয়মের মূল উদ্দেশ্য যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং কোচের ভেতরে অযথা ভিড় ও ঝুঁকি কমানো। পাশাপাশি, ভারী লাগেজের কারণে চলন্ত ট্রেনে যে অসুবিধা তৈরি হয়, তা রুখতেও এই সিদ্ধান্ত কার্যকর হবে। যাত্রীদের আগাম সতর্ক করে রেল জানিয়েছে, ভ্রমণের আগে নিজের লাগেজের ওজন যাচাই করে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
