
ক্রমশ অসহনীয় হয়ে উঠছে দিল্লির বাতাস। শীতের শুরু থেকেই রাজধানী জুড়ে দূষণের মাত্রা বিপজ্জনক সীমা ছুঁয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার আরও কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। আজ বৃহস্পতিবার থেকে পলিউশন আন্ডার কন্ট্রোল বা পিইউসি সার্টিফিকেট না থাকলে কোনও গাড়িকে আর পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। শহরের সমস্ত পেট্রোল পাম্পকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, পেট্রোল পাম্পগুলিতে অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরা ও ভয়েস অ্যালার্ট সিস্টেম বসানো হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যেসব গাড়ির বৈধ পিইউসি নেই, সেগুলি সহজেই চিহ্নিত করা হবে। ফলে নিয়ম ভাঙার সুযোগ কার্যত বন্ধ বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।
শুধু তাই নয়, আজ থেকেই বিএস-৬ মানের নীচে থাকা কোনও প্রাইভেট গাড়ি দিল্লিতে প্রবেশ করতে পারবে না। রাজধানীর চারদিকে ১২৬টি চেক পয়েন্টে প্রায় ৫৮০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ ও নয়ডার মতো সংলগ্ন এলাকা থেকে প্রায় ১২ লক্ষ গাড়ির প্রবেশে কার্যত লাগাম টানা হচ্ছে।
দূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপের স্টেজ-৪ ইতিমধ্যেই কার্যকর রয়েছে। এর আওতায় অফিসে কমপক্ষে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের সুযোগ দিতে হবে। সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে অনলাইন ও অফলাইন দু’ধরনের পঠনপাঠনের ব্যবস্থাও চালু রাখতে বলা হয়েছে।
দিল্লি সরকারের দাবি, শহরের বাতাসে থাকা পিএম ১০-এর প্রায় ১৯.৭ শতাংশ এবং পিএম ২.৫-এর প্রায় ২৫.১ শতাংশ দূষণের উৎস গাড়ির ধোঁয়া। সেই কারণেই যানবাহনের উপর কড়া নিয়ন্ত্রণই এখন প্রশাসনের মূল লক্ষ্য। আজ সংসদেও দিল্লির ভয়াবহ দূষণ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা, যেখানে আরও নতুন সিদ্ধান্তের ইঙ্গিত মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
