
ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনার আবহ। নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল ভারত সরকার। বুধবার দুপুর ২টো থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে থাকা এই ভিসা কেন্দ্রের সমস্ত পরিষেবা স্থগিত করা হয়েছে। কবে আবার কেন্দ্র খুলবে, সে বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।
কেন্দ্রীয় সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কয়েকজন নেতার উসকানিমূলক মন্তব্য এবং ভারতের হাই কমিশনে হামলার হুমকির পরই এই সিদ্ধান্ত। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যকে আলাদা করে দেওয়ার হুমকি ঘিরে নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষিতেই ভারত সরকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভিসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পরিষেবা বন্ধ থাকার কথা জানানো হয়েছে। যাঁদের বুধবার ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাঁদের জন্য পরে নতুন তারিখ দেওয়া হবে বলে জানানো হয়েছে। স্থান ও সময় আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বহু বাংলাদেশি নাগরিকের উপর। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে যাঁরা ভারতে আসতে চান, তাঁরা অনিশ্চয়তার মুখে পড়লেন। পাশাপাশি, যাঁরা ভারত হয়ে অন্য দেশে যাত্রা করেন, তাঁদের ক্ষেত্রেও সমস্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবারই ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। বৈঠকে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে ভারতীয় কূটনৈতিক মিশনে হামলার হুমকি এবং বিচ্ছিন্নতাবাদী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কূটনৈতিক বার্তা দেওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার কৌশল। পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও কড়া সিদ্ধান্ত নিতে পারে ভারত এমনই ইঙ্গিত মিলছে প্রশাসনিক মহলে।
