
আজকের সমাজব্যবস্থার দিকে তাকালে বুকটা হাহাকার করে ওঠে। যেদিকে চোখ যায়, সেদিকেই দুর্নীতির কালো ছায়া। মানুষের মৌলিক অধিকারগুলো আজ পণ্যে পরিণত হয়েছে। শিক্ষা থেকে স্বাস্থ্য—কোনো ক্ষেত্রই আজ কলঙ্কমুক্ত নয়। যোগ্য ছেলেমেয়েরা যখন রাজপথে বসে চোখের জল ফেলে, আর অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরির নিয়োগপত্র পায়, তখন বুঝতে হবে ঘুণ ধরেছে আমাদের মেরুদণ্ডে।হাসপাতালের বেড পাওয়া থেকে শুরু করে মুমূর্ষু রোগীর রক্ত সংগ্রহ—সর্বত্র দালালের আধিপত্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক অদ্ভুত প্রশাসনিক ও রাজনৈতিক চক্রব্যূহে সাধারণ মানুষ আজ বন্দি।নিজের কষ্টের টাকায় এক চিলতে বাড়ি বানাতে গেলেও এখন রাজনৈতিক ‘দাদা’দের অনুমতি নিতে হয়, গুনতে হয় তোলা। সাধারণ মানুষ যাবে কোথায়? কার ওপর ভরসা করবে? যে রক্ষক, সেই তো আজ ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার অন্দরে যারা বসে আছে, তাদের কাছে সাধারণের আর্তনাদ পৌঁছায় না। এক দল অন্য দলের দিকে আঙুল তোলে, দুর্নীতির কাদা ছোড়াছুড়ি করে। কিন্তু তলে তলে সবাই যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রবাদ আছে, ‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’। ক্ষমতার মোহ আর অর্থের লালসা আজ জনসেবাকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে।
তবে কি সব শেষ? আশার কি কোনো আলো নেই? উত্তরটা লুকিয়ে আছে আমাদের অর্থাৎ জনগণের হাতেই। আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে ‘জনতাই জনার্দন’। নেতাদের দাপট আর আস্ফালন কিন্তু আমাদের দেওয়া ভোটেই। তারা ভুলে গেছে যে, জনগণ চাইলে সিংহাসন ধুলোয় মিশিয়ে দিতে এক মুহূর্ত সময় লাগে না। যারা আজ ধরাকে সরা জ্ঞান করছে, তাদের মনে করিয়ে দেওয়া দরকার—গদি চিরস্থায়ী নয়। ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’—এই আপ্তবাক্যটি কেবল কবিতার লাইন নয়, এটি শোষিত মানুষের সবচেয়ে বড় হাতিয়ার।
আমাদের আস্থার জায়গাটা আমাদেরই তৈরি করতে হবে। আমরাই আসল ‘ভোট ম্যাজিক’। আমরা যদি অন্যায়ের সাথে আপস করা বন্ধ করি, যদি দুর্নীতির বিরুদ্ধে পাড়ায় পাড়ায় জোট বাঁধি, তবে কোনো অশুভ শক্তির সাধ্য নেই আমাদের রুখে দেওয়ার।
একটা কথা মনে রাখতে হবে মানুষই যদি দুর্নীতির কারিগর হয়, তবে সেই মানুষই পারে দুর্নীতির পাহাড় ধসিয়ে দিতে। দালালের রক্তচক্ষু আর নেতার রক্তিম চোখকে ভয় পাওয়ার দিন শেষ।জেগে ওঠার সময় এখনই। নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আওয়াজ তুলুন। মনে রাখবেন, সমাজটা আপনার, দেশটা আপনার। কোনো নেতার দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমরাই শক্তি, আমরাই পরিবর্তন। যেদিন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেদিনই কাটবে এই কালো মেঘ। জনআস্থা ভাঙতে পারে, কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই উঠে আসুক এক নতুন, স্বচ্ছ ও সাহসী সমাজ।।
