
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য আপাতত স্বস্তির খবর নেই। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মহার্ঘ ভাতা বা ডিএ মামলার রায় নিয়ে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। ডিএ বৃদ্ধির আশায় দিন গুনলেও চলতি বছরের মধ্যে এই মামলার রায় প্রকাশের সম্ভাবনা কার্যত ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। শুনানি শেষ হওয়ার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল কবে আসবে রায়? তবে ডিসেম্বর মাসের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের কোনও কজলিস্ট প্রকাশ হয়নি। ফলে এই সপ্তাহে রায় ঘোষণা হবে কি না, তা নিয়েও স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি।
সূত্রের খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টে ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন ছুটি, যা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। এরপর শনি-রবিবার কাটিয়ে আদালত খুলবে ৫ জানুয়ারি। এই পরিস্থিতিতে চলতি ২০২৫ সালের মধ্যে ডিএ মামলার রায় ঘোষণার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে নতুন বছরের শুরুতেই রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে রাজ্য সরকারি কর্মীদের।
প্রসঙ্গত, ডিএ মামলাটি বর্তমানে ‘Heard and Reserved’ অবস্থায় রয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি সম্পন্ন হয়েছে। এই বেঞ্চই চূড়ান্ত রায় দেবে। তবে ঠিক কবে সেই রায় ঘোষণা হবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য দেয়নি সুপ্রিম কোর্ট।
সব মিলিয়ে ডিএ সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও অপেক্ষা দুটোই বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। এখন সকলের নজর নতুন বছরের প্রথম দিকের দিকেই।
