
লোকসভায় জি র্যাম জি (G RAM G) বিল পাশ ঘিরে তুমুল উত্তেজনার মধ্যেই বিরোধীদের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA) বাতিল করে নতুন এই বিল আনার বিরোধিতায় সংসদে বিক্ষোভ দেখায় কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। সেই প্রসঙ্গেই শিবরাজ বলেন, “সংসদের আচরণ আজ গণতন্ত্রকে কলুষিত করেছে। এটা আর আলোচনা নয়, সরাসরি জনতার শাসনে পরিণত হয়েছে।”
বৃহস্পতিবার লোকসভায় জি র্যাম জি বিল পেশের সময় বিরোধীরা বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর দাবি জানায়। কিন্তু স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তে তা খারিজ হলে ওয়েলে নেমে বিক্ষোভ শুরু হয়। বিরোধী সাংসদরা মহাত্মা গান্ধীর ছবি হাতে নিয়ে বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান। এই ঘটনাকে ‘বাপুর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেন শিবরাজ।
তিনি বলেন, “সংসদ ইট-পাথরের ভবন নয়, এটি গণতন্ত্রের মন্দির। এখানে অর্থপূর্ণ আলোচনা হওয়া উচিত।” কংগ্রেসকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “কংগ্রেসের ঠোঁটে ‘রাম’, কিন্তু অন্তরে ছুরি।”
জি র্যাম জি বিলের পক্ষে সওয়াল করে শিবরাজ জানান, আগের এমজিএনরেগা প্রকল্পে যেখানে ১০০ দিনের কাজের নিশ্চয়তা ছিল, সেখানে নতুন আইনে তা বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। পাশাপাশি দুর্বল ও প্রান্তিক শ্রেণির জন্য বিশেষ সুবিধার কথাও তুলে ধরেন তিনি। অর্থায়ন কাঠামো বদল প্রসঙ্গে কৃষিমন্ত্রীর দাবি, কেন্দ্র এখনও মোট ব্যয়ের সিংহভাগ বহন করছে প্রস্তাবিত ১.৫১ লক্ষ কোটি টাকার মধ্যে প্রায় ৯৫ হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র।
অন্যদিকে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা অভিযোগ করেন, এই বিল গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা ব্যবস্থাকে কার্যত শেষ করে দেবে। তাঁর বক্তব্য, “রাজ্যগুলোর ঘাড়ে আর্থিক বোঝা চাপানো হচ্ছে, অথচ তাদের কাছে টাকা নেই। এই বিল গরিব-বিরোধী।”
জি র্যাম জি বিল ঘিরে কেন্দ্র ও বিরোধীদের এই সংঘাত আগামী দিনেও রাজনৈতিক উত্তাপ বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
