
বাংলার শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা এবং চলমান দুর্নীতির বিরুদ্ধে সরব হতে শিয়ালদহ স্টেশন থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। বিভিন্ন শিক্ষা ও ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন শিক্ষকপ্রার্থী, শিক্ষিত বেকার যুবক-যুবতী ও ছাত্রসমাজের সদস্যরা। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে তাঁদের ক্ষোভ এদিন রাস্তায় নেমে আসে।
এই মিছিলের বিশেষত্ব ছিল প্রতীকী প্রতিবাদ। অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় চপ ও সিঙারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কাজ না পেলে চা-ঘুগনি বিক্রি’ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতেই এই অভিনব প্রতিবাদ বলে জানান আয়োজকেরা। শিক্ষিত যুবসমাজের কাছে এই বার্তা কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্নই তুলতে চেয়েছেন তাঁরা। আয়োজকদের মতে, উচ্চশিক্ষা ও যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির অনিশ্চয়তা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব যুবসমাজকে গভীর হতাশার দিকে ঠেলে দিচ্ছে।
মিছিল চলাকালীন একাধিক স্লোগানে মুখরিত হয় শিয়ালদহ চত্বর। “শিক্ষা বাঁচাও”, “দুর্নীতি বন্ধ করো”, “যোগ্যদের চাকরি দাও” এই দাবি ঘিরেই প্রতিবাদ জোরদার হয়। আয়োজকেরা জানান, শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
প্রতিবাদকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে, EXPERIENCE-এর উপর নম্বরের ভিত্তিতে হওয়া নিয়োগ বাতিল করতে হবে, UP-TO-DATE মেধাতালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে এবং SLST-2 পরীক্ষার OMR শিট দ্রুত জনসমক্ষে আনতে হবে। তাঁদের অভিযোগ, এই বিষয়গুলিতে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে, যার ফলে হাজার হাজার যোগ্য প্রার্থী ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
আয়োজকদের স্পষ্ট বক্তব্য, দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ফেরানোই তাঁদের এই প্রতিবাদের মূল লক্ষ্য।
