
বড়দিন ও ইংরেজি নববর্ষ মানেই পর্যটকদের ভিড় আর সেই তালিকায় প্রথম সারিতেই থাকে সৈকত শহর দিঘা। প্রতি বছর এই সময়ে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে যান দিঘার সমুদ্র উপভোগ করতে। তবে ২০২৫ সালের বড়দিনে দিঘায় বেড়াতে যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে নতুন কিছু বিধিনিষেধ।
পর্যটকদের নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩০ ও ৩১ ডিসেম্বর দিঘার প্রবেশপথে কড়া নিয়ন্ত্রণ থাকবে। এই দিনগুলিতে দিঘার মূল প্রবেশদ্বার দিয়ে কোনও টোটো ঢুকতে পারবে না। পর্যটকবাহী বাস, প্রাইভেট গাড়ি ও অন্যান্য যানবাহনকে বাইপাস রোড ব্যবহার করে চলাচল করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (কাঁথি) অতীশ বিশ্বাস জানান, উৎসবের দিনে বাড়তি গাড়ির চাপ সামলাতে দিঘা জুড়ে সাতটি নির্দিষ্ট পার্কিং পয়েন্ট করা হয়েছে। পর্যটকদের সেই পার্কিং এলাকাতেই গাড়ি রেখে সৈকত ও শহরের বিভিন্ন জায়গায় যেতে হবে। যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকেও নজরদারি বাড়ানো হয়েছে।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, “বড়দিন ও বর্ষবরণের সময় দিঘায় বিপুল মানুষের সমাগম হয়। পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই ব্যবস্থা।” এবার দিঘায় নতুন করে যুক্ত হয়েছে জগন্নাথধাম, ফলে পিকনিক ও সমুদ্রভ্রমণের পাশাপাশি মন্দির দর্শনের জন্যও বাড়বে ভিড়।
সব মিলিয়ে, বড়দিনে দিঘায় বেড়াতে গেলে পুলিশের নির্দেশ মেনে চলাই পর্যটকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়ম মানলে উৎসবের আনন্দও থাকবে নিরাপদ ও ঝামেলামুক্ত।
