
কর্নাটকের চিত্রদুর্গা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১০ জনের। বৃহস্পতিবার ভোরে জাতীয় সড়ক ৪৮-এ বেঙ্গালুরু থেকে শিবামোগ্গাগামী একটি বেসরকারি স্লিপার বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাস, চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর চিৎকার।
প্রত্যক্ষদর্শীদের কথায়, সংঘর্ষের শব্দ ছিল ভয়ংকর। বাসে থাকা বহু যাত্রী তখন গভীর ঘুমে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকেই বেরিয়ে আসার সুযোগ পাননি। যাত্রী আদিত্য জানান, ধাক্কার পর তিনি মাটিতে ছিটকে পড়েন। বাসের দরজা খুলছিল না। শেষমেশ কাচ ভেঙে কোনও মতে বেরিয়ে আসেন কয়েকজন। চারদিকে শুধু আর্তনাদ, আগুন আর ধোঁয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।
আর এক প্রত্যক্ষদর্শী সচিনের দাবি, বাসটি তাঁদের গাড়িকে ওভারটেক করার কিছুক্ষণের মধ্যেই উল্টো দিক থেকে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে সজোরে বাসে ধাক্কা মারে। পুলিশের প্রাথমিক অনুমান, লরির ধাক্কা বাসের ডিজেল ট্যাঙ্কে লাগে। ফলে জ্বালানি ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
এই দুর্ঘটনায় ট্রাকচালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ আধিকারিকরা। আহত আরও কয়েকজনকে উদ্ধার করে হিরিয়ুর ও চিত্রদুর্গার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে বহু যানবাহন। পুলিশ আপাতত ওই পথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোরের নীরবতায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা ফের একবার দেশের সড়ক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
